২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সংঘর্ষের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার সময় নিহত এক ব্যক্তির নামও রয়েছে আসামিদের তালিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

সাভার, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার সময় নিহত এক ব্যক্তির নামও রয়েছে আসামিদের তালিকায়। নিহত মনির হোসেনের চাচা আব্দুল মতিন শুক্রবার গভীর রাতে বাদী হয়ে সাভার মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার আসামিরা হলেন- আরিফুল ইসলাম লিটন, তার বাবা আবু তালেব, খালেদ মোশারফ টুটুল, সোহেল, গগন, আকবর হোসেন, স্বপন, নিজাম উদ্দিন, আশরাফুল, হাবি মেম্বার ও ফজলু মিয়া। এদের মধ্যে খালেদ মোশারফ টুটুলকে সংঘর্ষের সময়ই কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। গুলিবিদ্ধ হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী রয়েছে আরিফুল ইসলাম লিটন, সোহেল ও গগন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার রাত ১টার পরে মামলাটি করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে পেলেই তাদের গ্রেপ্তার করা হবে।" শুক্রবারের ওই ঘটনায় মনির হোসেন নামে আরেকজন নিহত হন। চুনারচর এলাকার কালু মাতবরের ছেলে মনির সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর টুটুল আমিনবাজার এলাকার বড়দেশী মহল্লার জয়নাল মাস্টারের ছেলে। চুনারচর এলাকার খাল পাড়ের এক বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে টুটুল ও মনিরের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ করেও কোনো মীমাংসা হয়নি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষই জমিটি দখলে নেওয়ার জন্য ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি শুরু হয়। স্থানীয়রা জানায়, মনিরের পক্ষের লোকজন 'ভাড়াটে সন্ত্রাসী' টুটুলকে কুপিয়ে হত্যা করে। তখন লিটনের পক্ষের 'সন্ত্রাসীরা' মনিরকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার পেটে লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪৫৪ ঘ.