২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমরেড শিবলী কাইয়ুম মারা গেছেন

নয়া গণতান্ত্রিক গণমোর্চার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমরেড শিবলী কাইয়ুম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- নয়া গণতান্ত্রিক গণমোর্চার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা কমরেড শিবলী কাইয়ুম মারা গেছেন। মোর্চার সহ আহবায়ক জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মিরপুরের ডেল্টা হাসপাতালে মারা যান শিবলী কাইয়ুম। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৫০ বছর। সম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের এই নেতার মরদেহ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তার প্রতি শ্রদ্ধা জানাবে ছাত্র সংগঠনগুলো। এরপর সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। রোববার বিকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শিবলী কাইয়ুমকে দাফন করা হবে বলে জানান জাফর। বরিশালের কড়াপুর গ্রামে জন্মগ্রহনকারী শিবলী প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন ১৯৭৪ সালে। বরিশাল বিএম কলেজে পড়ালেখা শেষ করে তিনি ঢাকায় আসেন এবং ঊনিশশ আশির দশকে বিপ্লবী ছাত্রমৈত্রী প্রতিষ্ঠার প্রক্রিয়ায় অংশ নেন। স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকে গ্রেপ্তার করে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পরে তার সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর শিবলী কাইয়ুম 'বিপ্লবী ছাত্র আন্দোলন' গড়ে তোলেন। তিনি এ সংগঠনের প্রথমে আহ্বায়ক এবং পরে সভাপতি হন। তার প্রচেষ্টায় সমমনা সংগঠন ও ব্যক্তিদের নিয়ে গড়ে উঠে সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদ বিরোধী ফ্রন্ট- 'নয়া গণতান্ত্রিক গণমোর্চা। শিবলী কাইয়ুম স্ত্রী, দুই ছেলেসহ অগণিত সহযোদ্ধা রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচপি/জেকে/১৩১০ ঘ.