বেনাপোল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেনাপোল সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকালে সীমান্তের সাদিপুর থেকে আটকদের মধ্যে রয়েছে পাঁচজন মহিলা, তিনজন পুরুষ ও দুইজন শিশু।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার লিয়াকত হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল ৫টার দিকে সাদিপুর গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় পাচারকারীরা পালিয়ে যায় বলেও তিনি জানান।
আটকদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে, বলেন বিজিবি কর্মকর্তা।
আটক জাকির হোসেন বলেন, কাজের সন্ধানে তারা ভারতের মুম্বাই যান। সম্প্রতি সেখানে ধরপাকড় শুরু হওয়ায় দালালদের মাধ্যমে দেশে ফিরছিলেন।
দালালরা তাদের সীমান্তে এনে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১০০ ঘ.
bdnews24