২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেপর্দার অজুহাতে কর্মচ্যুতি

উচ্চ আদালতের মানা থাকলেও বোরকা না পরার কারণ দেখিয়ে এক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের এক নারী উদ্যোক্তাকে কর্মচ্যুত করেছেন বলে অভিযোগ উঠেছে।

সাদেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সালের বিরুদ্ধে এই অভিযোগ এনে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন তথ্যসেবা উদ্যোক্তা উম্মে মাহবুবা।

মাহবুবা উত্তরগ্রাম ইউপির ভালাইন গ্রামের আনিছুর রহমানের মেয়ে। তিনি এ চাকরির পাশাপাশি নওগাঁ ডিগ্রি কলেজে পড়েন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১৮ অক্টোবর দুপুরে চেয়ারম্যান আমাকে বেপর্দা-বেহায়া বলে অকথ্য গালাগালি করে অফিসের চাবি নিয়ে বের করে দেন।"

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউএনও আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কোনো অভিযোগের কথা তিনি জানেন না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

মাহবুবার বিষয়ে চেয়ারম্যান শাহ আলমের সঙ্গে যোগাযোগ করলে তার বক্তব্যে অভিযোগের সত্যতাই স্পষ্ট হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহবুবার চলাফেরা বেপরোয়া, তার বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে।"

তবে বোরকা পরার কথা তিনি বলেননি বলে দাবি করেন চেয়ারম্যান।

২০১০ অগাস্টে দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দিয়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ জাকির হোসেনের বেঞ্চ একটি আদেশ দেয়।

নওগাঁর পাশের জেলা নাটোরের সরকারি রানী ভবানী মহিলা কলেজে ছাত্রীদের বোরকা পরে আসতে বাধ্য করার ঘটনা ঘটলে আদালতের ওই নির্দেশ আসে।

মাহবুবার দাবি, চেয়ারম্যানের জামাতার বন্ধু জিয়াউর রহমানের বিরুদ্ধে থানায় উত্ত্যক্ত করার অভিযোগ করায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে এ পদক্ষেপ নিয়েছে।

মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিকের কাছে ওই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুবার অভিযোগ পাওয়ার পর জিয়া ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করে থানায় মুচলেকা দেন।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৃহস্পতিবারের অভিযোগে মাহবুবা বলেন, তার আচরণ ইসলামী শরিয়ত সম্মত না হওয়ার অপব্যাখ্যা দিয়ে বোরকা ব্যবহার না করার 'অপরাধে' তার কাছ থেকে তথ্যসেবা কেন্দ্রের চাবি কেড়ে নিয়ে তাকে তথ্যসেবা কেন্দ্রে যেতে নিষেধ করেন চেয়ারম্যান শাহ আলম।

এরপর চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে তথ্যসেবা কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে মাহবুবা জানান।

গত অগাস্টে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং জেলা প্রশাসনের যৌথভাবে আয়োজিত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার পরই দায়িত্ব নেন মাহবুবা।

উত্তরগ্রাম ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের প্রধান উদ্যোক্তা হিসেবে তথ্যকেন্দ্র পরিচালনার দায়িত্ব নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে তথ্যকেন্দ্র সম্পর্কে জনসাধারণকে সচেতন করে এক বছর ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তথ্যকেন্দ্র পরিচালনা করে আসছিলেন মাহবুবা।

মাহবুবা জানান, প্রতিবেশী মৃত তছির উদ্দীনের ছেলে এবং চেয়ারম্যানের নির্বাচনী কর্মী জিয়া বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতো তাকে।

তিনি বলেন, "এ বিষয়টি তখন চেয়ারম্যানকে জানালে তিনি এ নিয়ে বাড়াবাড়ি না করতে বলেন এবং বোরকা পরে চলাফেরা করতে নির্দেশ দেন।"

গত ১৮ অক্টোবর চাবি নিয়ে নেওয়ার পরও চেয়ারম্যানের কাছে চাবি চাইতে গিয়েছিলেন মাহবুবা।

মাহবুবা বলেন, "তিনি তখন বলেছিলেন, 'আমি চেয়ারম্যান থাকা অবস্থায় পরিষদে কোন বেপর্দা-বেহায়া মহিলার স্থান হবে না'।"