২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আবার খুন

মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ১৬ দিনের মাথায় নরসিংদীতে সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

নরসিংদী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ১৬ দিনের মাথায় নরসিংদীতে সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত মাসুম (২৫) শহরের চৈতালপাড়া মহল্লার ইসমাইল মিয়ার ছেলে। জেলা শহরের উত্তর নাগরিয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাগরিয়াকান্দি এলাকায় মাসুমকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মাসুমকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানান। নরসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমানকে গত ১ নভেম্বর রাতে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৫ ঘ.