২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে এসআই ছুরিকাহত

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনায় গিয়ে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনায় গিয়ে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনুর মিয়াকে (৪২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ও পেটে আঘাত লেগেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ডবলমুরিং থানার পাঁচ সদস্যের একটি দল বরিশাল কলোনিতে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। ওই স্থান থেকে সোলায়মান ও রিয়াজ নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা তানভীর বলেন, "অভিযানের সময় কলোনির অন্যতম ইয়াবা বিক্রেতা সোলায়মানের ঘরে পুলিশ ঢুকলে সে টিনের বেড়া সরিয়ে পালানোর চেষ্টা করে। এসআই শাহনুর তাকে বাধা দিলে সে ছুরি চালায়।" চিকিৎসকের বরাত দিয়ে তানভীর জানান, শাহনুরের আঘাত তেমন গুরুতর নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/২১২০ ঘ.