২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় চট্টগ্রামে আটকেপড়া পাকিস্তানিদের কর্মসূচি পণ্ড

পুলিশের বাধায় চট্টগ্রামে অনশন কর্মসূচি পালন করতে পারেনি আটকেপড়া পাকিস্তানিরা, যারা স্থানীয়ভাবে বিহারি নামে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় চট্টগ্রামে অনশন কর্মসূচি পালন করতে পারেনি আটকেপড়া পাকিস্তানিরা, যারা স্থানীয়ভাবে বিহারি নামে পরিচিত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করতে যায় এক দল আটকেপড়া পাকিস্তানি। নগরীর বায়জিদ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় আটকেপড়া পাকিস্তানিদের ব্যবহার করা একটি জায়গা দখল হচ্ছে দাবি করে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে পুলিশ তাদের অনশনে বসতে দেয়নি। চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার (এসি) মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি না নেওয়ায় কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। আটকেপড়া পাকিস্তানিদের সংগঠন এসপিজিআরসি'র সাধারণ সম্পাদক পারভেজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফিরোজ শাহ কলোনির পাশে একটি জায়গায় আমরা প্রতি বছর আশুরা পালনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতাম। কিন্তু সরকারি দলের নামধারী কিছু লোক মঙ্গলবার 'বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার' নাম দিয়ে জায়গাটি দখল করে নেয়।" এর প্রতিবাদে অনশন কর্মসূচি ডাকা হয়েছিলো বলে জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে আটকেপড়া পাকিস্তানিরা ক্যাম্পে বসবাস করছে। দুই দশক আগে তাদের একটি অংশকে পাকিস্তান ফেরত নিলেও পরে সে প্রক্রিয়া থেমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৮৫০ ঘ.