২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম ১৩ শতাংশ বাড়ানোর পক্ষে মত

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১২ দশমিক ৮৬ শতাংশ বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিইআরসির মূল্যায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১২ দশমিক ৮৬ শতাংশ বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিইআরসির মূল্যায়ন কমিটি। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের ওপর গণশুনানিতে কমিটির এই মত জানানো হয়। পিডিবি গত ১৬ মে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২১ শতাংশ বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে প্রস্তাব দেয়। ওই প্রস্তাব বিবেচনায় নিয়ে গত ৫ অক্টোবর এ ব্যাপারে উম্মুক্ত সভা হয়। সভা শেষে বিইআরসি গণশুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে। পিডিবি দেশের ছয়টি বিতরণ অঞ্চলে (চট্টগ্রাম, কুমিল¬া, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট) গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে। আবেদন মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও পরিচালক (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান শুনানিতে বলেন, "গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি পিডিবির সব গ্রাহকশ্রেণীর জন্য বিদ্যুতের দাম গড়ে ১২ দশমিক ৮৬ শতাংশ হারে বাড়ানো যেতে পারে।" এছাড়া নির্ধারিত তারিখের পর বিল পরিশোধের জন্য গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে বকেয়ার বিপরীতে ২ শতাংশ সরল সুদ হারে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সারচার্জ আদায়ের কথা বলা হয়েছে কমিটির সুপারিশে। শুনানিতে অংশ নিয়ে পিডিবির সদস্য (বিতরণ) আবদুহু রহুল্লাহ বলেন, "বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য তরল জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন ও উচ্চমূল্যে আইপিপি ও ভাড়াভিত্তিক খাত থেকে বিদ্যুৎ কিনতে কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে। উৎপাদন ব্যয়ের সঙ্গে সরবরাহ ব্যয়ের সামঞ্জস্য রাখতেই দাম বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে।" বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, "ইতোমধ্যে পাইকারী বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে শুনানি হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোটাই যুক্তিযুুক্ত হবে।" এ ব্যাপারে কমিশন শিগগিরই সিদ্ধান্ত জানাবে বলে জানান তিনি। বিইআরসির সদস্য মো. ইমদাদুল হক এবং সেলিম মাহমুদও শুনানিতে উপস্থিত ছিলেন। সর্বশেষ গত ৮ ফেব্র"য়ারি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম 'অন্তবর্তী' সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ১ ফেব্র"য়ারি থেকে এ দাম কার্যকর হয়। তখন বলা হয়েছিলো- আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হবে না। পিডিবির প্রস্তাব পিডিবির প্রস্তাবে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত প্রথম ধাপে বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা করার কথা বলা হয়েছে। একইভাবে ১০১ থেকে ৫০০ ইউনিট পর্যন্ত দ্বিতীয় ধাপে দাম ৩ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা, তৃতীয় ধাপে ৫০১ থেকে ১০০০ ইউনিটের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে ৬ টাকা ৫০ পয়সা এবং চতুর্থ ধাপে ১০০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর আগে ৫০০ ইউনিটের ওপর বেশি ব্যবহারকে 'সর্বোচ্চ ব্যবহার' গণ্য করা হতো। পিডিবি তাদের নতুন প্রস্তাবে ১০০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচকেই 'সর্বোচ্চ ব্যবহার' ধরতে বলেছে। এছাড়া বাণিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও বৃহৎ শিল্প এবং রাস্তার বাতির জন্যও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। পাশাপাশি সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল ও চার্জ, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জ বাড়ানোর কথা বলা হয়েছে পিডিবির প্রস্তাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮০৬ ঘ.