কুড়িগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদার টাকা না পেয়ে উট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ত্রিমোহনীতে। বুধবার রাতভর চেষ্টা চালিয়ে ছিনতাই হওয়া উট তিনটি উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি ময়নুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে সদর উপজেলার যাত্রাপুর হাট থেকে তিনটি উট কেনেন ঢাকার এক ব্যবসায়ী। সেই উট ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন কুড়িগ্রামের ব্যবসায়ী নুরুল হক।
ওসি বলেন, "রাত ৯টার দিকে কয়েকজন সন্ত্রাসী ত্রিমোহনীতে ট্রাক আটক করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে উটসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় তারা।"
খবর পেয়ে পুলিশ বেলগাছা ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ট্রাক এবং উটগুলো উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে থানা চত্বরে উট তিনটি দেখার জন্য কৌতুহলী জনতার ভিড় জমে যায়। দুপুরে সেগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়।
তবে এ ঘটনায় কেউ অভিযোগ না করায় মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মইনুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৭১১ ঘ.
bdnews24