২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ দুর্ঘটনা: জামিন পেলেন বাসচালক জামির

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার বাস চালক জামির হোসেন জামিনে ছাড়া পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

মানিকগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার বাস চালক জামির হোসেন জামিনে ছাড়া পেয়েছেন। মানিকগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ কামরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত থেকে জামিন পাওয়ায় সন্ধ্যা ৬টায় জামিরকে মুক্তি দেওয়া হয়। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান এদিনই তার জামিনের আবেদন মঞ্জুর করেন। গত ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে জামিরের চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের সঙ্গে সংঘর্ষে চুরমার হয়ে যায় একটি মাইক্রোবাস। ওই দুর্ঘটনায় নিহত হন মাইক্রোবাস আরোহী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন। দুর্ঘটনার দুই দিন পর ১৫ অগাস্ট রাতে মেহেরপুরের গাংনী থেকে জামির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে জামিরকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে তার হয়ে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মাধব কুমার সাহা। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আব্দুস সালাম এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন বিচারক। এর আগে মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিরের জামিনের আবেদন সাতবার প্রত্যাখ্যাত হয়। জামিরের আইনজীবী অ্যাডভোকেট মাধব কুমার সাহা বলেন, "সে আজই মুক্তি পাবে বলে আশা করছি আমরা।" এ ব্যাপারে মানিকগঞ্জের জেলার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখনো জামিনের কাগজ হাতে পাইনি। কাগজ পেরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" গ্রেপ্তার হওয়ার পর জামির সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, মাইক্রোবাস চালকের দোষেই ওই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় যোগাযোগ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় দুই চালকেরই গাফিলতি ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৮৩১ ঘ.