২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পক্ষের স্বার্থ রেখেই তিস্তা চুক্তি হবে: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তার রাজ্য ও বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করেই তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে চুক্তি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 04:18 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

কলকাতা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, তার রাজ্য ও বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করেই তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে চুক্তি হবে। বুধবার বিকালে কলকাতায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে পৌনে এক ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ভারতে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পথে কলকাতায় যাত্রাবিরতি করেন দীপু মনি। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিস্তা নিয়ে চুক্তি ভারত ও বাংলাদেশ সরকারের বিষয়। আর ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কীভাবে নিজেদের মধ্যে ফয়সালা করবে তা তাদের নিজস্ব ব্যাপার। গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মমতার অভিযোগ ছিল, চুক্তির খসড়া তাকে দেখানো হয়নি। দৃশ্যতঃ এই পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ। তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহন হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক। কলকাতায় দীপু মনির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মমতা বলেন, "বাংলাদেশকে জল দিতে পারলে আমি খুশি হব। কিন্তু আমাদেরও কিছু সমস্যা রয়েছে। তিস্তায় অনেক সময় একদম জল থাকে না। আমি নিজে গিয়ে দেখে এসেছি।" "উত্তরবঙ্গের মানুষ যাতে জল পান, আর বাংলাদেশের সমস্যাও যতটা মেটানো যায়, সে জন্য যত দূর সম্ভব নিশ্চয়ই করব", যোগ করেন মমতা। অন্যদিকে দীপু মনি বলেন, "ভারত-বাংলাদেশ সম্পর্কে পানি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিস্তার পানিবণ্টন চুক্তি ভারত ও বাংলাদেশ সরকারের বিষয়। তার পরও এ ব্যাপারে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। কিন্তু, ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে কী কথাবার্তা হবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না।" "তবে পানিসহ সব ক্ষেত্রেই ভারত-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত থাকবে", বলেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের শুরুতে তিস্তা চুক্তি নিয়ে নতুন করে উদ্যোগী ভারত। মালদ্বীপ সার্ক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিস্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিং। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোয় শিগগিরই হাসিনা-মমতা সাক্ষাতেরও সুযোগ তৈরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩০ ঘ.