২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানববন্ধনে হীরণ ও তার ফুপুর শাস্তি দাবি

বিয়ের আসরে যৌতুক দাবি করায় শিক্ষক শওকত আলী খান হীরণ ও তার ফুপুর শাস্তি দাবি করে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

বরগুনা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের আসরে যৌতুক দাবি করায় শিক্ষক শওকত আলী খান হীরণ ও তার ফুপুর শাস্তি দাবি করে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনে নির্বাচিত জনপ্রতিনিধি-সাংবাদিক-মুক্তিযোদ্ধা-শিক্ষক- ফারজানা ইয়াসমিনের পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় নজরুল স্মৃতি সংসদ আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা, হীরণ ও তার ফুফুর চাকরিচ্যুতি দাবি করেন এবং হীরণের ফেইসবুক একাউন্টে ফারজানার ছবি দিয়ে অশালীন মন্তব্য করায় তীব্র নিন্দা জানান। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন সানু, মহিলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ, পৌর কাউন্সিলর জিএম মুসা, আমতলী এম. ইউ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাঈদ খোকন, ফারজানা ইয়াসমিনের বাবা খলিলুর রহমান, বোন মারিয়া জাহান, মানবাধিকার কর্মী জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, হীরণ ও তার বন্ধুরা ফেইসবুকে 'আজেবাজে' মন্তব্য করে ফরজানা ও তার পরিবারকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অপচেষ্টা সফল হবে না। এদিকে বুধবার বরগুনা জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম ও সাধারণ সম্পাদিকা খাদিজা বেগম এবং জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী হোসনে আরা চম্পা বুধবার পৃথক বিবৃতিতে হীরণ ও তার ফুফুর শাস্তি দাবি করেন। হীরণের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। তিনি কলাপাড়ার উত্তর চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার ফুপু তাহমিনা খানম ওই উপজেলারই নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত শুক্রবার বিয়ের আসরে স্বামী হীরণকে তালাক দেন ইডেন কলেজের ছাত্রী ফারজানা। তার বক্তব্য, যৌতুক চাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফারজানা বলেন, হীরণের ফুপু তাহমিনা খানম যৌতুক দাবি করেন, আর তা সমর্থন করেন হীরণ। এ ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন বিষয়টি তদন্তের নির্দেশ দেন। ফারজানার সাহসী ভূমিকার জন্য তাকে অভিনন্দন জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। মন্ত্রণালয়ের নির্দেশে বরগুনা ও পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ফারজানা ও হীরণের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে দুটি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যেই মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। পটুয়াখালীর শিক্ষা কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশ পেলেই ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১৬৫৩ঘ.