চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলমের বিরুদ্ধে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর করা মামলার শুনানি পিছিয়েছে। আগামী ১০ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য হয়েছে।
মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত (ভারপ্রাপ্ত) জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ এইচ হুমায়ুন কবীরের সমন্বয়ে গঠিত নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের যৌথ বেঞ্চ শুনানির নতুন তারিখ রাখেন।
পরে মহিউদ্দিনের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে যৌথ বেঞ্চ আগামী বছরের ১০ জানুয়ারি পুনরায় শুনানির দিন ধার্য করেছেন।
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে গত বছরের ১৮ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন মহিউদ্দিন।
পাশাপাশি বিজয়ী প্রার্থী এম মনজুর আলমকে অবৈধ ঘোষণা ও নির্বাচন বাতিল বা নিজেকে বিজয়ী ঘোষণার আবেদন জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১০০ ঘ.
bdnews24