সিলেট/হবিগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর নারাজির শুনানি চলছে।
মঙ্গলবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু'টি মামলা করেন।
গত ২০ জুন হবিগঞ্জের আদালতে এ মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা সম্পূরক অভিযোগপত্র কিবরিয়ার পরিবার প্রত্যাখান করে।
এরপর ২৮ জুন হবিগঞ্জ আদালতে কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার পক্ষে নারাজি আবেদন দাখিল করেন অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল। পরে মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
নারাজি আবেদনে বলা হয়, সম্পূরক অভিযোগপত্রে হত্যাকা-ের মূল হোতাদের বাদ দেওয়া হয়েছে।
সম্পূরক অভিযোগপত্র দাখিলের দিনই বিভিন্ন সংবাদপত্রকে দেওয়া প্রতিক্রিয়ায় এ নিয়ে আপত্তি জানিয়েছিলেন আসমা কিবরিয়া। তার দাবি, বিএনপি-জামায়াত সরকারের আরো কয়েকজন মন্ত্রী এ হত্যাকা-ের পরিকল্পনায় জড়িত ছিলেন।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর ভ্ুঁইয়া জানান, সিআইডির দাখিল করা সম্পূরক অভিযোগপত্রে বিগত চারদলীয় জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হরকাতুল জিহাদের মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।
কিন্তু ঘটনার পেছনে বিগত সরকার আমলের আরো শীর্ষস্থানীয় ও প্রভাবশালীরা জড়িত থাকতে পারেন বলে পুনঃতদন্ত চেয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দাখিল করা হয়।
২০০৫ সালের ১০ মার্চ ১০ জনকে আসামি করে হত্যা মামলায় অভিযোগপত্র দেন সিআইডির তখনকার সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান।
বাদীর আবেদনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হাইকোর্ট মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয়। ২০০৮ সালে অধিকতর তদন্তের দায়িত্ব পান সিআইডির সিনিয়র সহকারী সুপার রফিকুল ইসলাম, যিনি সম্পূরক অভিযোগপত্র দেন।
বাবর ছাড়া এ মামলার নতুন আসামিরা হলেন- মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জান্দাল মাসুম বিল্লাহ, মুফতি আব্দুল হান্নান মুন্সী ওরফে আবুল কালাম ওরফে আব্দুল মান্নান, মুহিব উল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ সাহেদুল আলম বিপুল, হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ লিমু, মো. বদরুল আলম মিজান, মিজানুর রহমান মিজান মিটু, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের মো. আব্দুল মাজেদ ভাট, মাওলানা মো. তাজ উদ্দিন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, মোহাম্মদ আলী এবং বদরুল মো. আব্দুল বারীক।
পুরনো অভিযোগপত্রের ১০ আসামি হলেন- তখনকার শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ূম, যুবদল নেতা জয়নাল আবেদীন জালাল, জমির আলী, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন মুমিন, সাহেদ আলী, সেলিম আহমেদ, আয়াত আলী, মুহিবুর রহমান ও কাজল মিয়া।
তবে অধিকতর তদন্তে আগের ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.
bdnews24