ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক বিশেষ সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান তার হাতে সনদ তুলে দেন।
তিন দিনের বাংলাদেশ সফরে গত রোববার ঢাকা পৌঁছান বান কি মুন। বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর। এর আগে ২০০৮ সালের নভেম্বরে জাতিসংঘ মহাসচিব হিসেবেই দুই দিনের জন্য এসেছিলেন দক্ষিণ কোরিয়ার এ সাবেক কূটনীতিক।
অনুষ্ঠানে বক্তব্যে বান কি মুন বলেন, "আমি বাংলাদেশকে নিজের ঘরের মতো মনে করি। আমাদের দুই দেশেরই রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। আমরাও গরিব ছিলাম, আমরা দু-দেশই যুদ্ধের ক্ষত বহন করছি।"
গত শতকের '৭০ এর দশকে ঢাকায় আসার কথাও জানান বান কি মুন। তখন নয়া দিল্লিতে কোরিয়ার দূতাবাসে কর্মরত ছিলেন তিনি।
স্মৃতি হাতড়ে বান কি মুন বলেন, "তখন এত যানজট ছিলো না। এয়ারপোর্টে নেমে একটি রিকশায় উঠে পড়েছিলাম।"
বাংলাদেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে শুরু হওয়া এ কার্যক্রম এখন বিশ্বব্যাপী দরিদ্র জনগণের ভাগ্য ফেরাচ্ছে।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণরত বাংলাদেশি সৈন্যদের প্রশংসাও আসে জাতিসংঘ মহাসচিবের মুখে। "শান্তিরক্ষায় তারা অনবদ্য নেতৃত্ববোধের স্বাক্ষর রেখে চলেছেন," বলেন তিনি।
২০০৮ সালের নির্বাচনের আগে ভোটার লিস্ট তৈরিতে সহায়তার বিষয়টি তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিলো। আগামী নির্বাচনও যাতে সে রকম হয়, সে আশা করছেন তিনি।
এ জন্য সরকার ও বিরোধী দলকে এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন তিনি।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বান কি মুন বলেন, এটি একটি কঠিন বিষয়, তবে একটি জাতির উজ্জ্বল ভবিষ্যতের পথে হাঁটতে তার অতীতের কালিমাগুলো মুছে ফেলা খুবই জরুরি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী ও পর্যবেক্ষক পাঠিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
নারীর ক্ষমতায়ন, আইনের শাষন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ুর প্রভাব মোকবেলায় বিশ্বজনমত সৃষ্টিতে বাংলাদেশের কাজ করে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, জাতিসংঘের মহাসচিবকে 'ডক্টরেট' ডিগ্রি দিতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ও গর্ববোধ করছে।
বিশেষ এ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপউপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, নিবন্ধক অধ্যাপক রেজাউর রহমান।
বান কি মুনের স্ত্রী বান সুন তায়েকও অনুষ্ঠানে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৪ ঘ.
bdnews24