ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও বরিশালে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন ২০ জন।
এরমধ্যে জামালপুর দুইজন এবং অন্য জেলাগুলোতে একজন করে নিহত হন।
এদিকে মাদারীপুরে দুর্ঘটনার পর সংঘর্ষের জেরে বাস শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি জানান, ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ঝাউলা গোপালপুর বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া গ্রামে সোহরাব আলী (৬৫) ও গোপালপুর গ্রামের খন্দকার মহির উদ্দিন (৭০)।
জামালপুর সদরের নরুন্দি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফুজ্জামান জানান, সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোহরাব আলী নিহত হন ঘটনাস্থলে এবং খন্দকার মহির উদ্দিন নিহত হন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি ঝাউলা গোপালপুর এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তিক পাড়ায় মঙ্গলবার সকালে বাসচাপায় নিহত আম্বিয়া খাতুন (৩০) রাজশাহীর তানোর উপজেলার চোরখৈইল গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দীন জানান, আম্বিয়া তার স্বামী সফিকুল ইসলামের সঙ্গে ভুটভুটিযোগে তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসছিলেন অসুস্থ বাবাকে ডাক্তার দেখতে।
পথে আম্বিয়া ভুটভুটি থেকে হঠাৎ রাস্তায় পড়ে যান। একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাদারীপুর: মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি লোকাল বাস ও চারটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ঘটমাঝি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান খন্দকার।
এ সময় ইজিবাইকগুলোর ১৫ যাত্রী আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ইজিবাইক শ্রমিকরা বাস টার্মিনালে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বাস শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এরপর থেকে বাস শ্রমিকরা জেলার অভ্যন্তরীণ রুটে ধর্মঘট ডেকেছে।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইজিবাইকের সংঘর্ষে আসাদুজ্জামান নিহত হন।
এসময় ইজিবাইকের পিছনে থাকা আরো ৩টি ইজিবাইকও দুর্ঘটনার শিকার হয়। এতে আরো ১৫ জন আহত হয়।
মাদারীপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এঘটনায় ইজিবাইক চালক ও বাস চাকলকের মধ্যে সংঘর্ষ হলে বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বরিশাল: বরিশাল-পটুয়াখালী সড়কে যাত্রীবাহী বাস চাপায় নিহত সিয়াম (৬) বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি ঘরপাশা ইউনিয়নের আবদুল সোবাহান মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় তিনঘন্টা সড়ক অবরোধ করেছে।
বাকেরগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার বলেন, বেলা সাড়ে ১১টায় বাকেরগঞ্জ উপজেলার বটতলা সংলগ্ন প্রধান সড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮১২ ঘ.
bdnews24