২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০৩ বাংলাদেশি নারীকে ফেরানোর ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট

মুম্বাইয়ে নিরাপত্তা হেফাজতে থাকা ১০৩ বাংলাদেশি নারীকে ফিরিয়ে আনতে সরকার কি ব্যবস্থা নিয়েছে তা ৩০ দিনের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে নিরাপত্তা হেফাজতে থাকা ১০৩ বাংলাদেশি নারীকে ফিরিয়ে আনতে সরকার কি ব্যবস্থা নিয়েছে তা ৩০ দিনের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (রাজনৈতিক) এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে গত ৩০ প্রকাশিত 'মুম্বাইয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি নারীরা দেশে ফিরতে পারছে না' শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়। এর ভিত্তিতে হিরা তালুকদার নামের এক সাংবাদিক হাইকোর্টে এই রিট আবেদন করেন। ওই প্রতিবেদনে বলা হয়, ১০৩ জন বাংলাদেশি নারী মুম্বাইয়ে 'রেসকিউ ফাউন্ডেশন' নামে একটি রেসরকারি সংস্থার হেফাজতে রয়েছে। বিভিন্ন বাড়ি ও 'নিষিদ্ধ এলাকা' থেকে মুম্বাই পুলিশ তাদের আটক করে ওই সংস্থার হেফাজতে রাখে। ওই নারীদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে কেন আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না- সে বিষয়ে একটি রুলও জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১ ও ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী ওই নারীদের মৌলিক অধিকার বাস্তবায়নে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তাও জানতে চেয়েছে আদালত। এছাড়া ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশন-১৯৬৩ অনুযায়ী ওই বাংলাদেশি নারীদের অধিকার বাস্তবায়নে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- সে বিষয়ে আরেকটি রুল জারি করা হয়েছে। পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) এবং দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রেসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ত্রিবেণী আচার্যের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অল্পবয়সী মেয়েদের প্রলুব্ধ করে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। তারপর সেখানে তাদের ১০ হাজার থেকে ২০ হাজার রুপিতে বিক্রি করা হয়। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫৫৭ ঘ.