ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্রহায়ণের প্রথম সকালে বাঁশির সুরে গান, কবিতা আর নাচের মধ্য দিয়ে চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয়েছে নবান্ন উৎসব।
জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গলবার সকালে এ উৎসবের করেন প্রবীণ সাংবাদিক ফয়েজ আহামদ। প্রথম পর্বে সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। আবহমান বাংলার নবান্নের আমেজ আনতে উৎসবে মুড়ির মোয়া, খই ও বাতাসা বিতরণ করা হয়।
সকালের অনুষ্ঠান শেষে ঢাকের তালে বকুলতলা থেকে বের হয় শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে শোভাযাত্রাটি আবারো বকুলতলায় এসে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী মতলুব আলী জানান, কৃষিপ্রধান এদেশের কৃষিভিত্তিক সংস্কৃতি তুলে ধরতে ঢাকায় বাংলা ১৪০৬ সনে এ উৎসব স্বল্প পরিসরে শুরু করা হয়।
তিনি বলেন, "পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে বিলীন হতে বসেছে আমাদের দেশীয় সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতি সম্পর্কে জানাতে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হচ্ছে।"
উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম বলেন, "নবান্ন গ্রাম বাংলার কৃষকদের মূল উৎসব। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল ধানই আমাদের অন্ন।"
অনুষ্ঠানের বিকালের আয়োজন বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24