২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: অভিযোগ গঠনের শুনানি চলছে

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। মঙ্গলবার বেলা ১১টা ৫০ এ চট্টগ্রাম মহানগর দায়রা এবং সিনিয়র বিশেষ জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ শুনানি শুরু হয়। সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই'র সাবেক দুই প্রধানসহ ১১ আসামিকে এর আগেই আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার অভিযোগ গঠনের শুনানি শুরুর পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এরপর বাবর, নিজামী, কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক জিএম (প্রশাসন) এনামুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, এনএসআই'র সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবীরা তাদের মক্কেলকে নির্দোষ দাবি করে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া এনএসআই'র সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের আইনজীবী আংশিক বক্তব্য উপস্থাপন করেন। মঙ্গলবার শুনানি শুরুর পর আবদুর রহিমের আইনজীবী আবার বক্তব্য দিতে শুরু করেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে। তদন্তের পর তৎকালীন তদন্ত কর্মকর্তা একটি অভিযোগপত্র আদালতে জমা দেন। বেশকয়েকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত জুনে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। এতে নিজামী, বাবর ও এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করা হয়। এদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়–য়া পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২৩৯ ঘ.