২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব দেখুক, বাংলাদেশ ভালো করছে: বান

মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, স্বাস্থ্য খাতের এই উন্নতির চিত্র তিনি বিশ্বকে দেখাতে চান। কুলাউড়া থেকে জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 05:46 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক মৌলভীবাজার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, স্বাস্থ্য খাতের এই উন্নতির চিত্র তিনি বিশ্বকে দেখাতে চান। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোবারকপুরে বাংলাদেশ সরকার ও ইউএনএইচ এর যৌথ অর্থায়নে পরিচালিত একটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখতে এসে স্থানীয় কিশোরী ক্লাবের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ কথা বলেন। সকাল ১০টা ৩৫ মিনিটে জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রী ইউ বান সুন কুলাউড়া পৌঁছান হেলিকপ্টারে করে। সেখান থেকে তারা মোবারকপুর কমিউনিটি ক্লিনিকে পৌঁছালে স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাদের স্বাগত জানান। বান কি মুন শুরুতেই ক্লিনিক প্রাঙ্গনে আয়োজিত কিশোরী ক্লাবের বৈঠকে অংশ নেন। তার বসার জন্য চেয়ার রাখা হলেও জুতা খুলে তিনি ক্লাবের সদস্যদের সঙ্গে মাদুরের ওপর হাঁটু মুড়ে বসে পড়েন। তার এক পাশে বসেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, অন্য পাশে জাতীয় সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। তারা জাতিসংঘ মহাসচিবের বক্তব্য বাংলায় তর্জমা করে দেন। বান কি মুন বলেন, "আমি এখানে আসতে পেরে খুব খুশি। তৃণমূলের মানুষকে কীভাবে স্বাস্থ্য সেবা দেওয়া হয় তা দেখতে এসেছি। সরকার, এনজিও এবং স্থানীয় সাধারণ মানুষ মিলে এ প্রকল্প যেভাবে চালাচ্ছে তাতে আমি অভিভূত।" কিশোরী ক্লাবের সদস্যদের তিনি বলেন, "তোমরাই দেশের ভবিষ্যত। নারী ও শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হলে জাতির উন্নতি হয়।" মাতৃ ও শিশুমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে মহাসচিব বলেন, "বিশ্বকে দেখাতে চাই, বাংলাদেশ স্বাস্থ্য ক্ষেত্রে এতো ভালো করছে।" এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকেরও প্রশংসা করেন তিনি। কিশোরী ক্লাবের এক সদস্য এ সময় জানতে চায়- জাতিসংঘ মহাসচিব আবারো বাংলাদেশে আসবেন কি না। উত্তরে মহাসচিব বলেন, "আমি আবার আসবো।" এরপর কিশোরী ক্লাবের সদস্যদের তিনি বাংলায় বলেন- 'ধন্যবাদ'। জাতিসংঘ মহাসচিবের আগমন উপলক্ষে মোবারকপুরে রাস্তার দুই পাশ সাজানো হয় লাল, সাদা ও সবুজ রংয়ের পতাকা দিয়ে। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। কর্মকর্তারা জানান, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত মোবারকপুর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করার পাশাপাশি মা ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো, প্রসূতিদের প্রতিষেধক দেওয়া, রাতকানা রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা, ডায়রিয়াসহ অন্যান্য রোগের চিকিৎসা এবং পরিবার পরিকল্পনা সম্পর্কিত সেবা ও পরামর্শ দেন এ ক্লিনিকের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। বর্তমানে এ ক্লিনিকের সেবার আওয়াতায় রয়েছে স্থানীয় ৮টি গ্রাম। গত এক বছরে এ ক্লিনিকে সেবা নিতে আসা মাত্র একজন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই সময়ে কোনো নবজাতকের মৃত্যু হয়নি। চলতি মাসে এ ক্লিনিকে ৬ জন নারী অস্ত্রোপচার ছাড়াই সন্তানের জন্ম দিয়েছেন। কিশোরী ক্লাবের সঙ্গে মত বিনিময়ের পর বান কি মুন ক্লিনিক পরিদর্শন করে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন বান কি মুন। কুলাউড়ার নইমপুর গ্রামের অন্তঃসত্ত্বা নারী রিনা বেগমের সঙ্গেও কথা বলেন তিনি। রিনা বেগম জাতিসংঘের সহাসচিবকে জানান, তিনি নিয়মিত এই ক্লিনিকে স্বাস্থ্য সেবা নেন। ক্লিনিক পরিদর্শনের পর বাইরে একটি তালি পাম গাছের চারা রোপণ করেন জাতিসংঘ মহাসচিব। এরপর মোবারকপুরের একটি বাড়িতে স্থানীয় নারীদের উঠান বৈঠকে অংশ নেন তিনি। উঠান বৈঠক মোবারকপুর ক্লিনিক পরিদর্শন শেষে স্থানীয় হাসনা বেগমের বাড়িতে আয়োজিত প্রসূতি মায়েদের নিয়ে মাসিক উঠান বৈঠকে অংশ নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেখানেও তিনি সবার সঙ্গে মাদুরে বসেন। অন্যদের মধ্যে ইউএনএফপিএর প্রধান বাবাটুন্ডে ওসোটিমেহিনও উপস্থিত ছিলেন। শুরুতেই গ্রামের নারীদের বান বলেন- 'আসসালামু আলাইকুম'। তারপর একে একে সবার সঙ্গে করমর্দন করেন। জাতিসংঘ মহাসচিব বলেন, তার সংস্থা ও বাংলাদেশ সরকার মা-শিশুদের স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়াবে। "বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আমি বিশ্বের কাছে তুলে ধরতে চাই। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাংলাদেশ সঠিক পথেই আছে।" তিনি বৈঠকে উপস্থিত গর্ভবতী নারীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং মোবারকপুর ক্লিনিকে জন্ম নেওয়া শিশু ইমরানকে কোলে (৪) নিয়ে আদর করেন। এই উঠান বৈঠক শেষে হেলিকপ্টারে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হন বান কি মুন। বিদায়ের সময় জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ জাতিসংঘ মহাসচিবকে দুই প্যাকেট সিলেটের চা উপহার দেন। তিন দিনের বাংলাদেশ সফরে গত রোববার ঢাকা পৌঁছান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর। এর আগে ২০০৮ সালের নভেম্বরে দুই দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন তিনি। বাংলাদেশ সফর শেষে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫৫৫ ঘ.