২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা ই-সেবা চালু করলো সরকার

প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের কাছে উন্নত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা ইলেকট্রনিক সেবা চালু করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের কাছে উন্নত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা ইলেকট্রনিক সেবা চালু করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর দপ্তরে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে সব জেলার জন্য এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সেবা চালু করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য জেলার প্রশাসকরাও তার মতো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মোস্তাফিজুর প্রধানমন্ত্রীকে জানান, আগে যে সেবা দুই সপ্তাহে দেওয়া হতো তা এখন দুদিনে দেওয়া সম্ভব হচ্ছে। জাতিসংঘ মহাসচিব বলেন, ই-সেবার লক্ষ্য হলো জনগণ এবং এর মাধ্যমে সরকারে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে। নতুন এ সেবা গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানান বান কি মুন। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে মানুষের ক্ষমতায়নই হলো ডিজিটাল বাংলাদেশ। অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনার মাধ্যমে নয় হাজার ক্ষুদ্র উদ্যোক্তা ৪০ লাখ মানুষকে সেবা দেয় এবং প্রতি মাসে দুই কোটি টাকা আয় করে। এ জেলা ইলেকট্রনিক সেবা কেন্দ্রে (ডিস্ট্রিক্ট ই-সার্ভিস সেন্টার- ডিইএসসি) তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বল্প সময়ে ওয়ান-স্টপ সেবা দেওয়া হবে। ফলে সেবার ক্ষেত্রে শ্রমও লাঘব হবে। জেলা প্রশাসন কার্যালয়ের সেবাবুথ, অনলাইন, ফোন বা ফ্যাক্সের মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে। এ সেবা প্রথম পরীক্ষামূলকভাবে চলে যশোরে। বর্তমানে এটি দেশের ১০ জেলায় চালু রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০০১ ঘ.