২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত সুরুজ মিয়ার স্ত্রীও মারা গেছেন

জমি নিয়ে বিরোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত সাবেক সেনা সদস্য মো. সুরুজ মিয়ার স্ত্রীরও মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত সাবেক সেনা সদস্য মো. সুরুজ মিয়ার স্ত্রীরও মৃত্যু হয়েছে। সম্মানিয়া এলাকায় রোববারের ওই হামলায় মো. সুরুজ মিয়া ঘটনাস্থলে নিহত হয়েছিলেন। স্ত্রী হনুফা বেগম (৪০) গুরুতর আহত হন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, মোস্তফা ও তার বাবা রহমত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল সুরুজ মিয়ার। এর জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সুরুজের মৃত্যু হয়। আহত হয়েছিলেন হনুফা বেগম। ময়নাতদন্ত শেষে সোমবার পারিবারিক কবরস্থানে সুরুজ মিয়ার দাফন করা হয়েছে। হনুফা বেগমের দাফন হবে মঙ্গলবার। এ ব্যাপারে নিহতের এক স্বজন বাদী হয়ে রহমত আলী (৪৫), আনোয়ারাসহ (৪০) আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। সুরুজের বড় ভাই সাবেক সেনা সদস্য মো. শাহজাহান মিয়া জানান, বিকালে ওই জমিতে কাজ করতে গেলে সুরুজকে বাধা দেন রহমত আলী। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত আলী ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই সুরুজের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.