২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চসিক কাউন্সিলর মুন্নীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সরকারি কাজে বাধাদানের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী ও তার স্বামী আবদুল কাইয়ুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধাদানের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী ও তার স্বামী আবদুল কাইয়ুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ এ আদেশ দেন। এসময় বায়েজীদ থানার ওসি (তদন্ত) মো. নুরুননবীকে কর্তব্যে শিথিলতার দায়ে তিরস্কারও করা হয়। আদালতের পেশকার মো. আজাদ ও শেরেস্তাদার ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্ধারিত দিনে (সোমবার) আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর নগরীর বায়েজীদ থানার অক্সিজেন এলাকায় জেলা পরিষদের একটি জমির দখল নিতে গেলে মুন্নীর সমর্থকরা পুলিশ ও পরিষদের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশসহ পাঁচ জন আহত হয়। ওই রাতেই পুলিশ মুন্নী ও তার স্বামীসহ ১৯ জনকে গ্রেপ্তার করে। ওইদিন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সবুজ বড়–য়া বাদী হয়ে সরকারি কাজে বাধাদানের অভিযোগে বায়েজীদ থানায় মুন্নীর বিরুদ্ধে একটি মামলা করেন। এছাড়া একইদিন রাতে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করে। ওইদিন রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর জিম্মায় কাউন্সিলর মুন্নীকে জামিনে মুক্তি দেয় পুলিশ। এরপর ৩০ অক্টোবর আদালত মুন্নী ও তার স্বামীকে পরবর্তী তারিখ (১৪ নভেম্বর সোমবার) হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তুনির্ধারিত দিনে দু'জনের কেউই আদালতে হাজির হননি। মহানগর আদালতের সেরেস্তাদার ইউসুফ হোসেন জানান, প্যানেল মেয়রের জিম্মায় কাউন্সিলর মুন্নীকে জামিনে মুক্তি দেওয়াকে কর্তব্য পালনে অসতর্কতা ও শিথিলতা উল্লেখ করে আদালত বায়েজীদ থানার ওসিকে (তদন্ত) তিরস্কার করেছে। বায়েজীদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম রাত সাড়ে ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত আদালতের আদেশের কপি আমাদের হাতে পৌঁছেনি। আদেশ পেলে সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২১৫৪ ঘ.