ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ কোটি টাকা ক্ষতিপূরণের রায় স্থগিতের আবেদন করেছেন গত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন।
সোমবার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে তার আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়া এ আবেদন করেন।
বিচারক মো. মোহসিনুল হক আবেদন গ্রহণ করেছেন। এর শুনানির তারিখ নির্ধারণ হবে মঙ্গলবার।
চট্টগ্রামের বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন সেলিমের দায়ের করা মামলায় এ আদালত গত ৩ নভেম্বর ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
মতিন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ ও নৌ পরিবহন উপদেষ্টা ছিলেন। তিনি ওই সময় গঠিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
মতিনের পক্ষে আবেদনে বলা হয়, গত ২১ মার্চ এ মামলাটি একই বিচারক খারিজ করে দিয়েছিলেন। পরে বিবাদিদের না জানিয়ে এবং কোনো নোটিশ না দিয়ে গত ৫ মে মামলাটি পুনরুজ্জীবিত করার আদেশ দেন যা বেআইনি।
মতিনের পক্ষ থেকে এ রায় স্থগিত করে বিবাদির মামলায় পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ চাওয়া হয়।
২০০৯ সালের ১ সেপ্টেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি করেন এভারেষ্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন সেলিম। মামলায় সাবেক নৌ পরিবহন সচিব শেখ মোতাহার হোসেনকেও বিবাদি করা হয়।
মামলায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার আমলে মতিন নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) অপারেটর নিয়োগের জন্য ডাকা একটি দরপত্র 'বেআইনি' ও 'অন্যায়ভাবে' বাতিল করা হয়েছিল।
এভারেস্ট এন্টারপ্রাইজ সর্বনিু দরদাতা থাকলেও তাদেরকে কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় মামলায়।
বাদির অভিযোগ, এতে এভারেস্ট এন্টারপ্রাইজের ২৫ কোটি টাকার ক্ষতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১২৮ ঘ.
bdnews24