২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল ছাড়ে তাগিদ দেবে ঝুঁকিগ্রস্ত দেশগুলো

জলবায়ু তহবিলের অর্থ স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত ছাড় করতে উন্নত দেশগুলোকে তাগিদ দেওয়াসহ ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 'ক্লাইমেট ভালনারেবল ফোরামে'র বার্ষিক সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু তহবিলের অর্থ স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত ছাড় করতে উন্নত দেশগুলোকে তাগিদ দেওয়াসহ ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 'ক্লাইমেট ভালনারেবল ফোরামে'র বার্ষিক সভা। ঢাকা ঘোষণায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত, অভিযোজন ও প্রযুক্তি সরবরাহ ও আর্থিক সহায়তা নিশ্চিতের লক্ষ্যে ১৪টি দফা উল্লেখ করা হয়। রাজধানীর একটি হোটেলে এ সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ঢাকা ঘোষণা পড়ে শোনান। এর আগে সোমবার সকালে ঢাকার ওই হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক সভার মন্ত্রিপর্যায়ের বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) এ বার্ষিক সভায় জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ ২৬টি দেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন। গত রোববার একই স্থানে সিভিএফ-ভুক্ত দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজ, বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের নিয়ে কারিগরি অধিবেশন হয়। প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটাতে বাংলাদেশের এক হাজার কোটি ডলার প্রয়োজন। কিন্তু এ পর্যন্ত মাত্র ১২ কোটি ৫০ লাখ ডলার সহায়তা পাওয়ার জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। আরো সর্বোচ্চ ১০ কোটি ডলার পাওয়ার প্রতিশ্র"তি পাওয়া গেছে বলে জানান তিনি। জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থ দ্রুত ছাড়ের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত তিন বছরের জন্য উন্নত দেশগুলো তিন হাজার কোটি ডলারের তহবিল গঠন করেছে। গত দুই বছরে এ তহবিল থেকে মাত্র ৩০০ কোটি ডলার ছাড় করা হয়েছে। এ অর্থ ছাড়ের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, "ছাড় করা অর্থের স্বচ্ছতা নিয়েও সংশয় রয়েছে। আমরা চাই এ তহবিলের অবশিষ্ট অর্থ স্বচ্ছতার ভিত্তিতে ছাড় করা হোক।" ঢাকা ঘোষণা আগামী মাসে ডারবানে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থ ছাড়ে দাতাদের কোনো শর্ত আছে কি না জানতে তিনি বলেন, কোনো শর্ত নেই। তবে তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া সহায়তা ব্যয়ে স্বচ্ছতার কথা বলেছে। অন্য এক প্রশ্নের জবাবের তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এ পর্যন্ত প্রায় তিন কোটি ৯০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। আগামী চার বছরের মধ্যে আরো প্রায় ৬৮ লাখ মানুষ এর প্রভাবে বাস্তুচ্যুত হওয়ার আশংকার মধ্যে রয়েছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা অভিন্ন নদীগুলোর অনেক ভূমিকা রয়েছে। তাই অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিরাজমান সমস্যাটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উপস্থাপন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। ২০০৯ সালে মালদ্বীপের রাজধানী মালেতে 'ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রথম সভা হয়। দ্বিতীয় সভা হয় গত বছর কিরিবাতিতে। বাংলাদেশ এই ফোরামের পরবর্তী সভাপতি দেশ মনোনীত হয়েছে। ফোরামের আগামী বছরের (২০১২ সালের) সভা কোস্টা রিকাতে অনুষ্ঠিত হবে বলে এ ঘোষণায় উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসসহ নেপালের পরিবেশমন্ত্রী, ভুটানের কৃষিমন্ত্রী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও জলবায়ু বিষয়ক সংস্থা ডারা'র প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এমআই/পিডি/২২৪৮ ঘ.