২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্বানুভূতির পরক্ষণেই চরম হতাশ হীরণ

বিয়ের খানিক আগেও 'দোয়া' চেয়েছিলেন যৌতুক চেয়ে আসরেই তালাকপ্রাপ্ত বরগুনার শওকত আলী হীরণ। কনের কাছে তিরস্কৃত হয়ে দুঃখও প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের খানিক আগেও 'দোয়া' চেয়েছিলেন যৌতুক চেয়ে আসরেই তালাকপ্রাপ্ত বরগুনার শওকত আলী হীরণ। কনের কাছে তিরস্কৃত হয়ে দুঃখও প্রকাশ করেছেন। গত শুক্রবার বরগুনার আমতলীর কনে ফারজানা ইয়াসমিনের সঙ্গে এই শিক্ষকের বিয়ে হয়েছিলো। তবে যৌতুক লোভী ফুফুর সঙ্গে সায় দিয়ে শেষ পর্যন্ত কনে নয়, তালাকের কাগজ নিয়েই ফিরতে হয়েছে তাকে। বিয়ের দিন সকালে তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছিলেন- "এমন ১১/১১/১১ তারিখ বেলা ১১:১১:১১: মিনিটে জীবনের বড় ঘটনা শুভ বিবাহ সম্পন্ন করতে পেড়ে (পেরে) নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। সকলের সহযোগিতায় এটা সম্ভব হল। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া প্রর্থী (প্রার্থী)। আমাদের দাম্পত্য জীবন যেন এমন হয়।" কলাপাড়া উপজেলার চাকামইয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই হীরণ। ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক সংগঠনের সঙ্গে যুক্ত। ফোন করাসহ নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকে খেপুপাড়া হাইস্কুলের প্রাক্তন ছাত্র এবং স্কাউটস হিসেবে নিজের পরিচয় দিয়েছেন হীরণ। তবে হীরণ সম্পর্কে ফারজানার একটাই মূল্যায়ন, "যে ছেলে শিক্ষক হয়েও যৌতুককে সমর্থন করেন, তার সঙ্গে সংসার করার কথা আমিই ভাবতেও পারি না। এক জন শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। তারা যদি জনসম্মুখে এমন দাবি করতে পারেন তাহলে সমাজের অন্যরা কী করবেন।" যৌতুক লোভের বলি এই শিক্ষক বিয়ে ভেঙে যাওয়ার পর শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন- "অবিশ্বাস্য হলেও চরম সত্য সংবাদ হল আমার এ বিয়েটা ভেঙ্গে গিয়েছে। আমন্ত্রিত সকলের কাছে ক্ষমা প্রার্থী।" এরই মধ্যে অভিযোগ ওঠা ফুফু ও হীরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৬৪০ ঘ.