ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া থেকে বিচারপতি নিজামুল হককে অব্যাহতি দিতে দেলাওয়ার হোসেন সাঈদীর আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল বলেছে, এ কাজের এখতিয়ার তাদের নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হককে প্রত্যাহারে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপত্তি আবেদনের শুনানি শেষে সোমবার আদেশে এ কথা জানানো হয়।
ট্রাইব্যুনালের দুই সদস্য এ টি এম ফজলে কবির ও এ কে এম জহীর আহমেদ আদেশ দেন। এর শুনানিতে ছিলেন না নিজামুল হক, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ যাকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল গঠন করে সরকার।
তবে '৯০ এর দশকে জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গণতদন্ত কমিশনের কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে নিজামুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর আবেদন করেন সাঈদী।
আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনাল একটি আইনের দ্বারা পরিচালিত হয়। সে আইনে এক জন বিচারককে অব্যাহতি দেওয়ার কোনো ক্ষমতা অন্য বিচারকদের দেওয়া হয়নি। ফলে এ বিষয়ে ট্রাইব্যুনাল কোনো সিদ্ধান্ত দিতে পারছে না।
শুনানিতে সাঈদীর আইনজীবী ও জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আফ্রিকার দেশ সিয়েরেলিওনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারককে অব্যাহতি দেওয়ার নজির তুলে ধরেছিলেন।
এ বিষয়ে ট্রাইব্যুনাল বলেছে, সেখানে বিশেষ আইনের মাধ্যমে এ কাজটি করা হয়।
সাঈদীর অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান নিজামুল হক ১৯৯৪ সালে ঘাতক-দালাল নির্মূল কমিটি কর্তৃক গঠিত গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী তার এই পদে থাকা সংবিধান লঙ্ঘন। এ ছাড়া বিচারপতিদের কোড অব কন্ডাক্টের ধারা (ক্লজ) ১, ২, ৩(৬)(এ), ৩(৬)(ডি)(৪) এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১০ অনুচ্ছেদেরও লঙ্ঘন।
ট্রাইব্যুনালের দেওয়া আদেশে প্রসিকিউটার হায়দার আলীর দেওয়া বিভিন্ন তথ্য উল্লেখ করে বলেন, নিজামুল হকের নাম গণতদন্ত কমিশনের সদস্য হিসেবে ছিলো। কিন্তু এমন কোনো প্রমাণ নেই, তথ্য সংগ্রহ কিংবা সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিলো।
হাইকোর্টের বিচারপতি নিজামুল হক ওই সময় ন্যায় বিচারের স্বার্থে কাজ করেছেন বলে প্রসিকিউটররা শুনানিতে বলেন, যা তুলে ধরেন ট্রাইব্যুনালের বিচারকদ্বয়ও। একইসঙ্গে বলা হয়, গণ আদালতের ওই বিচার সরকারিভাবে গৃহীত হয়নি। তা বাংলাদেশের কোনো আইনের দ্বারা নির্ধারিত আদালতের সিদ্ধান্তও ছিলো না।
শুনানিতে ব্যারিস্টার রাজ্জাক বলেন, বিচারপতি নিজামুল হক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধানের দায়িত্ব থেকে সরে না দাঁড়ালে তাকে সাক্ষী হিসেবে ডাকা হবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটররা অবশ্য মনে করছেন, বিচারকের ওপর মানসিক চাপ সৃষ্টির জন্যই একথা বলেছেন সাঈদীর আইনজীবী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী ২০টি অপরাধে অভিযোগ গঠন হয়।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/এমআই/১৪০০ ঘ.
bdnews24