গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক সাবেক সেনা সদস্য খুন হয়েছেন। এ ঘটনায় ওই সেনা সদস্যের স্ত্রী আহত হয়েছেন।
রেববার বিকালে সম্মানিয়া এলাকায় এ হামলায় নিহত মো. সুরুজ মিয়া ((৪৫) বেঙ্গল রেজিমেন্টের লেন্স কর্পোরাল ছিলেন। তিনি সম্মানিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আহত হনুফা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, মোস্তফা ও তার বাবা রহমত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল সুরুজ মিয়ার। এর জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সুরুজের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুরুজের বড় ভাই সাবেক সেনা সদস্য মো. শাহজাহান মিয়া জানান, বিকালে ওই জমিতে কাজ করতে গেলে সুরুজকে বাধা দেন রহমত আলী। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত আলী ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই সুরুজের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24