ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক নিয়ে কোন্দলের জের ধরে ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেল ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক গ্রহণের জন্য রাজধানী থেকে তিন-চারজন যুবক ওই এলাকায় আসে। সেখানে মাদক নিয়ে কথাকাটির এক পর্যায়ে রুবেলকে (১৯) তারা ছুরিকাঘাত করেন। পরে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আলাল সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া রোববার সকালে কেরানীগঞ্জের খেজুরবাগে চান মিয়া (৩) নামে এক শিশু মোটর সাইকেলেরে ধাক্কায় মারা গেছে বলে জানান ওসি শাখাওয়াত।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৮৩৬ ঘ.
bdnews24