চট্টগ্রাম/গাইবান্ধা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ে দুজন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক জন মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাইয়ের ইসমাইল কার্পেটের সামনে একটি বাসের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ এম কে ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মিরসরাইমুখী মটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ভলভো বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। আহত হন আরোহী অন্য জন।
নিহতরা হলেন- মো. মিলন (২০) ও ছোটন মজুমদার (২২)।
আহত মামুনুর রশিদকে (২৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জের দুর্ঘটনাটি ঘটে রোববার সকাল পৌনে ৯টার দিকে পান্থাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে।
নিহত আব্দুল মোমিন খোকন (২৫) বগুড়া সদরের তেলিহাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মহাসড়ক পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খোকন বগুড়া থেকে মটর সাইকেল নিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন। একটি পিকআপ-ভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে আসা একটি ইটভাঙ্গা ট্রলি মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খোকন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি/এমসি/আরআরডি/আরএম/১৪৪০ ঘ.
bdnews24