২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে

জ্বালানির দাম বৃদ্ধির পর যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়ে সচিবালয়ে পরিবহন মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানির দাম বৃদ্ধির পর যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়ে সচিবালয়ে পরিবহন মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। রোববার সকালে এক দফা বৈঠকের পর যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, বিকালেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বিকালে বৈঠক শুরু হলেও সন্ধ্যার পরও তা চলছিলো। গত ১০ নভেম্বর প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা করে বাড়ানো হয়। জ্বালানির দাম বাড়ানোর ফলে যানবাহনের ভাড়া বাড়াবে হবে কি না- জানতে চাওয়া হলে সরাসরি উত্তর না দিয়ে মন্ত্রী দুপুরে বলেন, "সর্বাত্মক চেষ্টা করবো জনগণের ভোগান্তি যেন কম হয়। দাম বাড়ার বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্তই নেওয়া হবে।" ভাড়া বাড়ানোর ব্যাপারে বাস মালিক ও শ্রমিক সমিতির দাবি রয়েছে বলে জানান তিনি। আবুল হোসেন বলেন, "এসব দাবির বিষয়ে কী করা যায় বিকেলে বসে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় যাত্রী কল্যাণ সমিতি ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের রাখা হবে।" নিজেকে ভোক্তার পক্ষের লোক দাবি করে মন্ত্রী বলেন, "আমি নিজেও একজন ভোক্তা। তাই আমার মূল লক্ষ্য হলো কনজ্যুমারস যেন কম এফেক্টেড হয়।" পরিবহন ভাড়া নিয়ে 'নৈরাজ্য' হলে প্রয়োজনে বিশেষ ভ্রাম্যমাণ আদালত নামানো হবে বলেও জানান তিনি। জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতার অভাব নেই দাবি করে আবুল হোসেন বলেন, "সরকার যা করে, আলোচনা করে সমন্বয় করেই করে।" যাত্রীদের সুবিধায় আগামী মাসেই বিভিন্ন রুটে বিআরটিসির দোতলা বাস নামানো হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮১১ ঘ.