২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন

ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন আর নেই। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 06:14 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক শিল্পী ইমদাদ হোসেন আর নেই। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। ইমদাদ দীঘদিন ধরে অসুস্থ ছিলেন। পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়ে বলে এ শিল্পীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। জানাজা শেষে সোমবার বিকালে ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে শিল্পীর নাতি সৌগত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শিল্পীর লাশ সোমবার সকাল পর্যন্ত থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিম ঘরে। একুশে পদক পাওয়া ইমদাদের বয়স হয়েছিলো ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে গত বছরের অক্টোবরে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে উঠলে বাড়িতে ফেরত যান। শিল্পীর পরিবারের সদস্যরা জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ার পর গত বুধবার তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। এ কয়েকদিন কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাসের কাজ চালানো হচ্ছিলো। নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত বছর ইমদাদ হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিলো। তিনি অনেকদিন ধরেই আলঝেইমারে ভুগছিলেন এবং তার ডায়াবেটিসও ছিলো। এর আগে ১৯৮৪ সালে তার গলব্লাডারে এবং গত বছর প্রোস্টেটগ্ল্যান্ডে অস্ত্রোপচার হয়েছিলো। ইমদাদ হোসেনের জন্ম ১৯২৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে। বাবার নাম মজিদ বক্স, মায়ের নাম সাবেদুন নেসা। তার শৈশব-কৈশোর কেটেছে ঢাকার কেরানীগঞ্জে পৈত্রিক বাড়ীতে। স্কুলের লেখাপড়াও সেখানেই। প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ইমদাদ ১৯৪৮ সালে ভর্তি হন তৎকালীন ঢাকা আর্ট কলেজে (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ইমদাদ হোসেন চারুকলার ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভাষা আন্দোলনের পরও নানা সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ চালিয়ে যান ইমদাদ। ১৯৬১ সালে ছায়ানট প্রতিষ্ঠার সময় থেকেই শিল্পী ইমদাদ হোসেন ছিলেন সংগঠনটির একজন সক্রিয় সদস্য। ১৯৬৯ সালে স্বাধিকার আন্দোলনে তুমুল ছাত্র-গণঅভ্যুত্থানের সময়ে প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী কামরুল হাসানের সঙ্গে মিলে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে 'চারু শিল্পী সংস্থা' গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ইমদাদ হোসেন ১৯৫৪ সালের ২১ নভেম্বর বিয়ে করেন। তার স্ত্রীর নাম মনোয়ারা বেগম বকুলি। তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে তিন ছেলেই চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকারী শিল্পী। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে একুশে পদক লাভ করেন ইমদাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এএইচএ/এমআই/১৩৩৩ ঘ.