ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে লেগুনাচালক ও এলাকাবাসীর সংঘর্ষে শনিবার বিকেলে যান চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে। এ সময় অন্তত তিনটি গাড়ি ভাংচুর হয়।
পুলিশ জানায়, তিনদিন আগে দ্রুতগামী একটি লেগুনার ধাক্কায় নূরজাহান রোডের এক গৃহবধূ আহত হওয়ার ঘটনার জের ধরে এ সংঘর্ষ হয়। ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় নূরজাহান রোডের একটি মসজিদ থেকে মাইকিং করে পরিবহন শ্রমিক এবং লেগুনা গাড়ির বিরুদ্ধে রাস্তায় নামার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৯ নভেম্বর নূরজাহান রোডের এস-টি লাইনের মুখে দ্রুতগামী একটি লেগুনার ধাক্কায় এক গৃহবধূ গুরুতর আহত হন।
এই ঘটনার পর স্থানীয়রা তিনটি লেগুনা আটক করে এবং ওই সড়ক দিয়ে লেগুনা চলাচল বন্ধের দাবি জানায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে লেগুনা তিনটি নিয়ে যায় পুলিশ।
সেদিন থেকে ওই সড়কে লেগুনা চলাচল বন্ধ ছিল।
মিলন নামে নূরজাহান রোডের এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৪টার দিকে প্রতিটিতে ছয় থেকে সাতজন করে পরিবহন শ্রমিক নিয়ে আট থেকে নয়টি লেগুনা একসঙ্গে নূরজাহান রোডে প্রবেশ করে। এ সময় এলাকাবাসী সেগুলো চলাচলে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।"
কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ধাওয়া খেয়ে শ্রমিকরা চলে গেলে বিক্ষুব্ধ লোকজন তিনটি লেগুনা ভাংচুর করে বলে জানান তিনি।
মিলন বলেন, "সংঘর্ষের সময় স্থানীয় মসজিদ থেকে মাইকিং করার পর এলাকাবাসী রাস্তায় নেমে এসে এবং বিক্ষোভ করে।"
নূরজাহান রোডের হাসনাইন নামের আরেক অধিবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়ম-নীতির ধার না ধেরে আবাসিক এলাকার ভেতর দিয়ে লেগুনা গাড়িগুলো চলার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।"
গাড়িগুলোর চালকেরা বয়সে একেবারে তরুণ জানিয়ে তাদের লাইসেন্স আছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৯ নভেম্বর দুর্ঘটনার পর নূরজাহান রোডে গাড়ি চলাচল বন্ধ রাখতে লেগুনা মালিকদের অনুরোধ করা হয়। এছাড়া রুট পারমিট পুনঃনির্ধারণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।"
"কিন্তু পুলিশকে না জানিয়ে হঠাৎ করে বিকালে তারা এক সঙ্গে আট থেকে নয়টি গাড়ি বের করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।"
এরপর পরিস্থিতি শান্ত এবং ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/পিডি/২০০৮ ঘ.
bdnews24