চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার গৃহকর্মী রোমেলা খাতুনকে নির্যাতনের অভিযোগে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি অবশেষে সীতাকুণ্ড থানা গ্রহণ করেছে।
রোমেলার বাবা রিয়াজুদ্দিন খানের দায়ের করা এ মামলায় সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী ও তার স্ত্রী সুইটি বেগমকে আসামি করা হয়েছে।
এজাহারে রিয়াজুদ্দিন অভিযোগ করেছেন, শাহেদ আলীর বাসায় আট বছর বয়সী রোমেলাকে প্রায়ই মারধর করা হতো। সুইটি গরম খুন্তি দিয়ে ছ্যাঁকাও দিয়েছেন শিশুটিকে।
রোমেলার বাবা এর আগে পাবনার সাঁথিয়া থানায় এ ব্যাপারে মামলা করার চেষ্টা করলেও তা না নেওয়ায় শুক্রবার ওই থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটি নথিভুক্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা মিললে তাদের (শাহেদ ও তার স্ত্রী) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এসআই শাহেদ ছুটিতে রয়েছেন বলেও জানান ওসি।
রিয়াজুদ্দিন জানান, তাদের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার নান্দিয়ারা গ্রামে। এসআই শাহেদের বাড়িও একই এলাকায়। নয় মাস আগে সীতাকুণ্ডে শাহেদের বাসায় কাজ শুরু করে রোমেলা। শুরু থেকেই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল শাহেদ ও তার স্ত্রী।
এক সপ্তাহ আগে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ায় অসুস্থ হয়ে পড়ে রোমেলা। এরপর অভিভাবকদের ডেকে এনে অসুস্থ রোমেলাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন শাহেদ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোমেলাকে গত বুধবার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রোমেলার বাবা সাঁথিয়া থানার মামলা করতে গেলে উপ পরিদর্শক আইয়ূব আলী তা নিতে অনীহা প্রকাশ করেন।
পরে পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন হাসপাতালে গিয়ে রোমেলার সঙ্গে কথা বলেন এবং তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা শোনেন। তার নির্দেশেই সাঁথিয়া থানা কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রোমেলার বাবার অভিযোগটি সীতাকুণ্ড থানায় পাঠায়।
এসপি জাহাঙ্গীর হোসেন শুক্রবার সাংবাদিকদের জানান, মামলা না নেওয়ায় উপ-পরিদর্শক আইয়ূব আলীকে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/জেকে/২০০৬ ঘ.
bdnews24