২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কৃষি ব্যাংকে চুরি, আটক ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে নগদ ১৪ লাখ ৭২ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

রাঙামাটি, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে নগদ ১৪ লাখ ৭২ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। উপজেলার চৌমুহনী বাজারে অবস্থিত ব্যাংকের এই শাখায় শুক্রবার রাত ১০টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে কর্মকর্তারা ধারণা করছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ওই শাখার ক্যাশিয়ার সঞ্জীব চাকমা এবং নৈশপ্রহরী মোহাম্মদ ইলিয়াসকে আটক করেছে পুলিশ। বাঘাইছড়ি থানার ওসি নাঈমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে ব্যাংকে গিয়ে আসবাবপত্র এলোমেলো এবং লকার ভাঙা দেখে ক্যাশিয়ার সঞ্জীব চাকমা শাখা ব্যবস্থাপক ও পুলিশকে খবর দেন। সঞ্জীব চাকমার বরাত দিয়ে তিনি জানান, আলমারির চাবি প্রতিদিনের মতো ক্যাশিয়ারের টেবিলের ড্রয়ারে রাখা ছিলো। পিছনের টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকেছে এবং ড্রয়ার থেকে চাবি দিয়ে আলমারি খুলেছে। তারপর লকার ভেঙে নগদ ১৪ লাখ ৭২ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ কর্মকর্তা আরো জানান, শুক্রবার রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্ষন্ত দায়িত্বে থাকলেও নৈশপ্রহরী ইলিয়াস ওইদিন কাজে আসেননি বলে সঞ্জীব চাকমা পুলিশকে জানান। ওসি নাঈমউদ্দিন আরো জানান, ব্যাংকের ব্যবস্থাপক বাঘাইছড়ি নেই। রোববার তিনি এলে এ ব্যাপারে মামলা করা হবে। এদিকে খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা ও নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৪ ঘ.