ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা পৌঁছান।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সার্কের সরকার ও রাষ্ট্র প্রধানদের সপ্তদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বুধবার মালদ্বীপে যান প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে পরস্পরকে দ্রুত সহায়তা দেওয়া এবং সার্ক বীজ ব্যাংক প্রতিষ্ঠাসহ চারটি চুক্তি হয় এবারের সম্মেলনে। আদ্দু ঘোষণার মধ্য দিয়ে শুক্রবার শেষ হয় এ সম্মেলন।
শনিবার সকাল সাড়ে ১০টায় মালদ্বীপ থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
মালদ্বীপের কৃষিমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রী, মানবসম্পদ, যুব ও ক্রীড়ামন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ ছাড়া মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত এ এস এম আবদুল আউয়াল এবং ঢাকায় মালদ্বীপের রাষ্ট্রদূত হোসেন শিহাবও এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৭৫৯ ঘ.
bdnews24