নরসিংদী, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী জেলা বিএনপি।
শনিবার সকালে শহরের ব্রাহ্মন্দী এলাকার একটি খোলা মাঠে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিঞা মোহাম্মদ সেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ বিজি রশীদ নওশের, শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল প্রমুখ।
তারা লোকমান হোসেন হত্যার নিন্দা জানান এবং 'প্রকৃত' দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।
নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ওই রাতেই ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ তাকে নরসিংদীর আদালতে হাজির করে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আবেদন করে।
লোকমান নিহত হওয়ার পরপর বিক্ষুব্ধ ছাত্রলীগকর্মীরা ১ নভেম্বর রাতে নরসিংদী সার্কিট হাউজ ও রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাংচুর করে। পরদিন নরসিংদী রেলস্টেশনে এগারসিন্দুর ট্রেনে আগুন দেওয়া হয়। সার্কিট হাউজ ভাংচুর ও ট্রেন পোড়ানোর ঘটনায় আরো দুটি মামলা হয়।
এদিকে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। আসামিদের মধ্যে খোকনের নাম নেই।
ইতোমধ্যে লোকমান হত্যা মামলা থেকে অব্যাহতি এবং সার্কিট হাউজ ভাংচুরের মামলায় জামিন পেয়েছেন খোকন। ট্রেনে আগুন দেওয়ার ঘটনার মামলায় জামিনের শুনানি হবে রোববার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৭৫৪ ঘ.
bdnews24