রাজবাড়ী, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে ব্যবসায়ী সমিতির ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।
স্পিরিট পান করে জেলার সূর্যনগরে ঈদের রাতে দুই যুবকের মৃত্যুর ঘটনায় শহরের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর শুক্রবার সকাল থেকে এ ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের বাসভবনে স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীর উপস্থিতিতে এক সমঝোতা বৈঠকের পরে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাকির হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, "রোববারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করা হয়েছে।"
রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, পৌরমেয়র তোফাজ্জল হোসেনের আইনজীবী প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন মণ্ডল ও সাধারণ সম্পাদক সমিরউদ্দিনসহ ব্যবসায়ী প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
গত ৬ নভেম্বর রাতে নেশা করার জন্য 'স্পিরিট' পান করে ঈদের দিন মারা যান সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের শিপু মোল্লা (২৩) ও সিদ্দিক মিজি (২৫)। অসুস্থ হয়ে পড়েন একই গ্রামের বাসিন্দা রিমন মোল্লা (২৬), সেতু মণ্ডল (২৫), জাহিদ মণ্ডল (২৪) ও নয়ন মোল্লা (১৮)।
ওই ঘটনায় ৮ নভেম্বর রাতে শহরের দত্ত হার্ডওয়ারের মালিক সন্তোষ কুমার দত্ত ও তার ছেলে সবুজ কুমার দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দোকান থেকে ৯৮ লিটার স্পিরিটও উদ্ধার করা হয়।
এ দুইজনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজবাড়ী চেম্বাস অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিজ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের সব দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস হরতাল পালন করে। সন্তোষ কুমার ও তার ছেলের মুক্তির দাবিতে শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকা হয় এরপর।
চেম্বার সভাপতি জাকির হোসেন বলেন, হার্ডওয়ারের দোকানে ব্যবহৃত স্পিরিট নেশাদ্রব্য নয়। এটি সাধারণত আসবাবপত্র বার্নিশের কাজে ব্যবহৃত হয়। এটি বিক্রির জন্য ওই ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১১৫৩ ঘ.
bdnews24