ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় বাদিকে জেরা আসামি পক্ষের আবেদনে মঙ্গলবার পর্যন্ত মূলতবি হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে মামুনের আইনজীবী অ্যাডভোকেট মাহবুব হোসেন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহীমকে তৃতীয় দিনের মতো জেরা করেন।
অবশিষ্ট জেরার জন্য আগামি ১৫ ও ১৬ নভেম্বর দিন ধার্য করেন ওই আদালতের বিচারক মো. মোজ্জামেল হোসেন।
জেরা শুরুর পরপরই মামুনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মামলাটির অভিযোগপত্রে উল্লেখিত আলামত দেখতে চান। আলমতগুলো হলো মামলার অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দলিলপত্র।
এর পর এ আইনজীবী জেরা মূলতবি চেয়ে বিচারককে বলেন, এ দলিলগুলো পর্যবেক্ষণের পর তিনি অবশিষ্ট জেরা করবেন।
গত ১১ সেপ্টেম্বর এই মামলার বাদি প্রথমবারের মতো আদালতে জবানবন্দি দিয়েছিলেন। গত ১৯ অক্টোবর দ্বিতীয় দফায় বাদিকে জেরা করা হয়।
এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পলাতক দেখিয়ে আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ চলছে।
সাক্ষ্যগ্রহণ চলাকালে মামলার অন্য আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
একই বিচারক গত ৮ অগাস্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারেককে পলাতক দেখিয়ে ও মামুনের বিরুদ্ধে ২০০২ সালের মুদ্রা পাচার আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হওয়া তারেক ওই বছরই জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এখন পর্যন্ত তিনি দেশে ফেরেননি।
বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষে দুদকের কৌঁসুলি মোশারফ হোসেন কাজল ও আনিসুল হক উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ২৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। গত বছরের ৬ জুলাই এ মামলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলার বাদি অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/০০০৭ ঘ.
bdnews24