মারুফ আহ্মেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কিশোরগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলায় এক অবিবাহিত তরুণ স্থায়ী বন্ধ্যকরণের শিকার হয়েছেন।
জাফরাবাদ ইউনিয়নের রাজকুন্তি গ্রামের মাঈন উদ্দিনের ছেলে রিকশাচালক খায়রুলকে (১৫) অপারেশনের মাধ্যমে বন্ধ্যকরণ করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। গত ৫ অক্টোবর করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অপারেশন হয়।
খায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হলে তাকে হাসপাতালে যেতে বলে 'উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দালাল' বাচ্চু।
বাচ্চু শিখিয়ে দেয় যাতে খায়রুল হাসপাতালে (করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) গিয়ে বলে তিনি বিবাহিত এবং তার দু'টি বাচ্চা আছে। তাহলে তাকে বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে।
খায়রুল বলেন, "তার কথামত আমি তাই বলি। তারপর আমাকে অজ্ঞান করে কী করা হয়েছে বলতে পারি না। পরে ডাক্তারের মুখে শুনেছি কোনোদিন আমার সন্তান হবে না।
"আমার সঙ্গে প্রতারণা করে বাচ্চু হাসপাতাল থেকে লুঙ্গি ও টাকা নিয়ে গেছে। সে এ ধরনের সর্বনাশ আরো অনেকের সঙ্গে করেছে।"
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছাইদুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কাজের টার্গেট পূরণ না হলে শাস্তির ভয় থাকে। তাই তারা টার্গেট পূরণের জন্য বাছ বিচার না করে অন্যায়ভাবে অবিবাহিত যুবকদেরও স্থায়ী পদ্ধতি করায়।
এ ঘটনায় দালাল বাচ্চু মিয়া, মাঠকর্মী হেলেনা খাতুন ও সাঈদা খাতুন, করিমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়া সবাই জড়িত বলে দাবি করেন তিনি।
মো. সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কর্মীদের একটা লক্ষ্যমাত্রা থাকে। এ টার্গেট পূরণের জন্য মাঠকর্মীরা মাঝেমধ্যে ভুল করে ফেলে। এটাও এ ধরনের একটি ছোটখাট ভুল।
"জড়িত মাঠকর্মীর কাছে কৈফিয়ত তলব করেছি। আমি খায়রুলদের বাড়িতে গিয়ে তার বাবা-মার সঙ্গে কথা বলেছি। আমরা খায়রুলকে অপারেশানের মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে সবকিছু করার আশ্বাস দিয়েছি।"
ঢাকা নিয়ে অপারেশন করে খায়রুলকে আবার পূর্বাবস্থায় ফিেিয় আনা গেলেও যেতে পারে বলে তিনি জানান।
খায়রুলের বাবা মাঈন উদ্দিন বলেন, "আমি গরীব মানুষ। রিকশা চালিয়ে খাই। ছেলের চিকিৎসা করতে পারব না, মামলাও করতে পারব না।"
খায়রুলদের প্রতিবেশী ইসরাইল মিয়া ও মো. মাহতাব বলেন, অর্থের অভাবে খায়রুলরা না পারবে চিকিৎসা করতে, না পারবে মামলা করতে।
তারা বলেন, সরকারের পক্ষ থেকে এর উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া এবং দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিসংখ্যান সহকারী মো. ইউনুস আলী ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, ২০১০-২০১১ অর্থ বছরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ৬৪ জেলার মধ্যে প্রথম হয় কিশোরগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24