ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের পর দিন রাজধানীর বিভিন্ন টার্মিনালে আগের মতো চাপ না থাকলেও অনেককে বাড়ির পথে ঢাকা ছাড়তে দেখা গেছে।
মঙ্গলবার শ্যামলী, কল্যাণপুর, গাবতলী এলাকার বেশির ভাগ কাউন্টারই ছিলো বন্ধ। এর মধ্যেও উত্তরবঙ্গের কয়েকটি কাউন্টারে ভিড় দেখা গেছে।
কল্যাণপুর বাসস্ট্যান্ডে সরকারি চাকরীজীবী মো. আনিসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "ঈদ উপলক্ষ্যে শ্বশুরবাড়ি গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) যাচ্ছি। আগে টিকিটের অভাবে যেতে পারিনি, এখন চাপ কম, তাই যাচ্ছি।"
"গাড়ীর সংখ্যা কিছুটা কম থাকায় সাড়ে ১১টায় এখানে এসেছি, টিকিট পেয়েছি দুপুর ২টার," বলেন তিনি।
রাজশাহীর যাত্রী মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, পৌনে ১২টায় এসে দুপুর ২টার বাসের টিকিট পেয়েছেন তিনি।
কল্যাণপুরের শ্যামলী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক সুজন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "যাত্রীদের চাপ সকাল থেকে কিছুটা বেশি। যারা আগে যেতে পারেনি তারা এখন যাচ্ছে।"
ঈদের পরের এ যাত্রায় কোনো অগ্রিম টিকিটের ব্যবস্থা নেই। যাত্রী গিয়ে টিকিট কেটে বাসে উঠতে পারছেন।
সদরঘাটেও দক্ষিণাঞ্চলমুখী বিভিন্ন লঞ্চে অনেক যাত্রী দেখা যায়।
অনেকে বাড়ি ফিরলেও কাউকে কাউকে ঢাকায় ঈদ করে বাড়িতে ফিরতে দেখা গেছে। এস আর পরিহনের যাত্রী খালেদ হাসান চৌধুরী বলেন, "মেয়ের সঙ্গে ঈদ করতে ঢাকায় এসেছিলাম। এখন দেশের বাড়ি বগুড়া ফিরে যাবো।"
রাজধানীর বাইরে বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রের উদ্দেশেও যেতে দেখা যায় অনেককে।
রাজারবাগের গ্রীনলাইন বাস কাউন্টারে মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্ত্রী, সন্তান ও ছোট বোনকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। এমনি সময়ে সুযোগ হয়ে ওঠে না। তাই এখন যাচ্ছি।"
গ্রীন লাইন বাস কাউন্টারের টিকিট ব্যবস্থাপক এরশাদ বলেন, "ঈদের পরের দিন হওয়ায় অনেকে পরিবারকে নিয়ে অনেকে পর্যটন কেন্দ্র গুলোর দিকে ছুটছেন।"
ঈদের পর দিন মঙ্গলবার পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিলো বেশ ভিড়। বন্দর নগরীর বাসিন্দাদের পাশাপাশি অন্য জেলা থেকেও এসেছেন অনেকে।
পতেঙ্গার পাশাপাশি ফয়'স লেক কনকর্ড অ্যমিউজমেণ্ট পার্কেও ছিলো দর্শনার্থীদের ঢল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/সিএম/এমআই/২২০০ ঘ.
bdnews24