২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

কুষ্টিয়া, বরিশাল, গাজীপুর, গাইবন্ধা ও বাগেরহাটে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত নয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া, বরিশাল, গাজীপুর, গাইবন্ধা ও বাগেরহাটে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত নয়জন। এরমধ্যে কুষ্টিয়ায় নসিমন দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিনজন, বরিশালে গাড়ি চাপায় ভ্যানচালক, গাজীপুরে গাছের সঙ্গে ধাক্কায় হিউম্যান হলার যাত্রী, গাইবান্ধায় মোটরসাইকেল ও বাস চাপায় দুই বৃদ্ধ এবং বাগেরহাটে দুই নসিমন যাত্রীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- কুষ্টিয়া: বিকাল ৩টায় সদরের লাহিনী বটতলা এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন মমতাজ বেগম (৩৫), তার মেয়ে বৃষ্টি (৮) এবং সবুজ মিয়া (২৮)। এরা সবাই কুমারখালী উপজেলার এলেঙ্গি গ্রামের বাসিন্দা। আহত নসিমন চালক ও আরো দুই যাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সি. এ. হালিম সাংবাদিকদের জানান, নসিমনটি কুষ্টিয়া শহর থেকে যাত্রী নিয়ে কুমারখালী যাচ্ছিলো। পথে নসিমনটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে জানান এএসপি। বরিশাল: বিকাল পৌনে ৫টায় সদর উপজেলায় রহমতপুর রামপট্টি এলাকায় বাস চাপায় নিহত হন ভ্যানচালক শহিদুল ইসলাম ফারুক (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। এসময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। মহানগরীর বিমানবন্দর থানার (ওসি) সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, সড়কের পাশে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন শহিদুল। একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ক্ষুব্ধ জনতা একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে জনতাকে শান্ত করলে পুনরায় যান চলাচল শুরু হয়, বলেন ওসি। গাজীপুর: দুপুরে সদরের রাজেন্দ্রপুরের গাছের সঙ্গে ধাক্কা লেগে হিউম্যান হলারের এক অজ্ঞাত পরিচয় যাত্রী (৪৫) নিহত হন। আহত হন পাঁচজন। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাফিজ সাংবাদিকদের জানান, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী হিউম্যান হলারটি সড়কের পাশের গাছে আছড়ে পড়লে একজনের মৃত্যু হয়। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়েছে বলে জানান এএসআই। গাইবান্ধা: বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি ও পান্তাপাড়া এলাকায় দু'টি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এরা হলেন উপজেলার শিবপুর গ্রামের হাসেন আলী (৮০) এবং তারদহ গ্রামের তসলিম উদ্দিন (৬০)। গোবিন্দগঞ্জ থানার ওসি আকতার হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় হাসেন আলীকে একটি মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মোটর সাইকেল আরোহীও গুরুতর আহত হন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, তসলিম উদ্দিন গোবিন্দগঞ্জ থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়ায় সন্ধ্যা সাড়ে ৬ টার একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় একটি যাত্রীবাহী কোচ চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। বাগেরহাট: সদর উপজেলায় চুলকাঠি বাজারের কাছে যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন নছিমন চালক হারুন শেখ (৩০) ও যাত্রী এস এম পরান (২৬)। হারুন বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় গ্রামের আবজাল উদ্দিন শেখের ছেলে। পরানের ঠিকানা পাওয়া যায়নি। চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমারত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুই যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলেই পরানের মৃত্যু হয়। খুলনা নেওয়ার পথে মৃত্যু হয় হারুনের। বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে। দুর্ঘটনায় কবলিত বাস ও নছিমন আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪০ ঘ.