গাজীপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক পরিচয়ে চাঁদবাজির অভিযোগে গাজীপুর সদর উপজেলা থেকে মহিলাসহ পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়।
রোববার সন্ধ্যায় মোগরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সদরের সালনা এলাকার মামুন সরকার (২৭), কাউলতিয়া ইউনিয়নের মীরেরগাঁও এলাকার বিষ্ণু বর্মন (২৭), কাথোরা গ্রামের কামাল উদ্দিন (২৮), মাইক্রেবাসের মালিক-চালক মজনু মিয়া (৩৫) ও বাঙ্গালগাছ এলাকার শেলি (২৭)।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলিম খাঁন জানান, সন্ধ্যায় মোগরখাল গ্রামের মো. মুজিবুর রহমান খান ও কামাল উদ্দিন নামের একজনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আটকরা।
না দিলে পত্রিকায় খবর ছাপানো এবং মাদক মামলায় তাদের গ্রেপ্তারের হুমকি দেয়।
এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের পরিচয়পত্র চায়। এক পর্যায়ে লোকজন তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, আটকরা নিজেদের সাংবাদিক হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাদের জয়দেবপুর থানা হাজতে রাখা হয়েছে।
মামুন নিজেকে ঢাকার কেরানীগঞ্জের বড়ইতলী এলাকার 'ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার সভাপতি, বিষ্ণু ও কামাল উদ্দিন একই সংস্থার সদস্য হিসেবে পরিচয় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24