২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ফেয়ার প্রাইসের চালসহ আটক ২

দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ফেয়ার প্রাইস কার্ডের চালসহ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দু'জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

বাগেরহাট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ফেয়ার প্রাইস কার্ডের চালসহ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দু'জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাধের বটতলা গ্রাম থেকে আটক দু'জন হলেন পিলজংগ ইউনিয়নের পরিবেশক শেখ নাজমুল হোসেন (২৫) ও পিকআপ চালক শফিকুল ইসলাম (৩২)। রোববার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। নাজমুলের বাড়ি ওই ইউনিয়নের পিলজংগ গ্রামে এবং শফিকুল লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামে। এ সময় পিকআপ ভর্তি ২৫ বস্তা চালও আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিমুজ্জামান পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ দিন আগে ইউনিয়নের ৫ থেকে ৯ নম্বর ওয়ার্ডে ন্যায্য মূল্যে বিক্রির জন্য পরিবেশক নাজমুলকে সাড়ে ছয় টন চাল সরবরাহ করে খাদ্য বিভাগ। নাজমুল সেখান থেকে কিছু চাল সরিয়ে হোগলাডাঙ্গা গ্রামের একটি গুদামে মজুত রাখেন। ইউপি চেয়ারম্যান বলেন, শনিবার রাতে সেই চাল একটি পিকআপে করে সরিয়ে নেওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক করে। ফকিরহাট থানার ওসি লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইউএনও দেবপ্রসাদ পাল জানান, পরিবেশক নাজমুল খাদ্য বিভাগের শর্ত লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১২ ঘ.