২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বগুড়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৭৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৭৫ জন। এর মধ্যে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন; বাস ও ট্রাকের সংঘর্ষে মানিকগঞ্জ একজন, টাঙ্গাইল সদর ও মির্জাপুরে বাস দুর্ঘটনায় তিনজন এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া: রোববার ভোর ৫টার দিকে শাহজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের মাদলা সেতুর কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্থার পাশে উল্টে গেলে তিন জনের মৃত্যু হয়। শাজাহানপুর থানার ওসি রিয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, বাসটি ঢাকা থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলো। নিহতদের মধ্যে দুই পোশাক শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বগুড়ার সারিয়াকন্দি উপজেলায় ঝুনি আক্তার ও গেদু প্রামাণিক। আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে জানিয়ে ওসি রিয়াজউদ্দিন বলেন, "তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।" মানিকগঞ্জ: সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম সাংবাদিকদের জানান, রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলায় ভাটভাউর এলাকায় একটি বাস ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়্ তার বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। এসআই শাহ আলম বলেন, বাসটি উল্টে পড়ে গেলে সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুইঘণ্টা পর ফায়ার ব্রিগেডের কর্মীরা গাড়িটি সরানোর পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল: শহরের বাইপাস সড়কের আশেকপুরে রোববার সকাল ৮টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। এ সময় আহত হয় আরো ১০ জন। টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বাসটি সরিষাবাড়ি থেকে ঢাকা যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের সহকারী নয়ন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের গোপালপুর গ্রামের রূপচানের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিকে জেলার মীর্জাপুরের শুভল্লায় বিকালে বাসচাপা পড়ে জুলেখা বেগম (৩৫) ও তার মেয়ে আয়শা আক্তারের (১০) মৃত্যু হয়। তাদের বাড়ি উপজেলার বরাটি নরদানা গ্রামে। গোড়াই হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, জুলেখা তার মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে মির্জাপুর যাচ্ছিলেন। বিকাল ৩টায় শুভল্লা বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। "এতে ঘটনাস্থলেই আয়শা মারা যায়। জুলেখাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন", বলেন ওসি। দিনাজপুর: জেলার চিরিরবন্দর উপজেলার শাহাপাড়া এলাকায় বাস দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। নিহত মতিউর রহমান (৩০) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রওশন আলীর ছেলে। তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুনিল কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে পোশাক শ্রমিকরা বাসে করে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মতিউরের মৃত্যু হয়। আহতদের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮২৫ ঘ.