মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন আর দেখে যাওয়া নয়, বেশি দাম হলেও কোরবানির পশু কিনতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামের লোকজন।
শনি ও শুক্রবার নগরীর বিবিরহাট, সাগরিকা, সল্টগোলা ও স্টিল মিল বাজার পশুর হাটে ঘুরে দেখা গেছে বেচাকেনা জমে উঠেছে পুরোদমে।
ক্রেতারা বলছে, নগরীতে গরু রাখার জায়গা না থাকায় দুয়েকদিন আগেই শুরু হয় নগরবাসীর কেনা। আর বিক্রেতারা বলছে, শুক্র ও শনিবার বাজারগুলোতে ক্রেতার দেখা মিলেছে পুরোদমে।
তবে শনিবার বিকালে নগরীর হাটগুলোতে চাহিদার তুলনায় গরুর সংখ্যা ছিল কম। শুক্রবার ও শনিবার সকালে দাম কিছুটা কম থাকলেও শনিবার বিকাল থেকে বাড়তে থাকে গরুর দাম।
নগরীর সাগরিকা হাটে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫৭টি গরু নিয়ে এসেছেন সিরাজুল ইসলাম। গত শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, মাত্র আটটি গরু বিক্রি হয়েছে। দামও তেমন পাচ্ছি না।
শনিবার সন্ধ্যা পর্যন্ত তার ৩৬টি গরু বিক্রি হয়েছে জানিয়ে সিরাজুল বলেন, "ক্রেতা বাড়ায় বিক্রিও বেড়েছে। কোরবানি কাছাকাছি হলেই চট্টগ্রামের ক্রেতারা বাজারে আসেন। কিন্তু বাজারে শনিবার সকাল থেকে চাহিদার বিপরীতে গরু কমে যায়।"
রোববার আরো কিছু গরু আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাজারগুলোতে ঘুরে দেখা গেছে নগরীতে এবার কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ থেকে গরু নিয়ে এসেছে বিক্রেতারা। এছাড়া জেলার চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা ও সাতকানিয়া থেকেও বিক্রেতারা গরু নিয়ে এসেছে নগরীতে।
শনিবার বিকালে মুরাদপুর বিবিরহাট গরুর হাটে ক্রেতা চাকরিজীবী আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে তিনি হাটে আসেন। ক্রেতা বেড়ে যাওয়ায় বিক্রেতারা দাম হাঁকছে বেশি। বিকাল ৩টা পর্যন্ত ঘুরে গরু না কিনে ফিরে যাচ্ছেন তিনি।
বিবিরহাট বাজারে সাতকানিয়া থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন লোকমান হোসেন।
তিনি বলেন, "গত মঙ্গলবার বাজারে এসে শুক্রবার পর্যন্ত মাত্র দুটি গরু বিক্রি করি। তাই খরচ বেড়ে গেছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে ভাল দাম পাওয়ায় গরু বিক্রি করেছি নয়টি। এখন আর চারটি গরু আছে।"
তার মাঝারি আকারের চারটি গরুর প্রতিটির দাম হেঁকেছেন ৫০ হাজার টাকা।
নগরীর স্টিল মিল বাজার এলাকার হাটে দেখা গেছে গরুর সংখ্যা মাত্র শ'খানেক।
এ বাজারের ইজারাদার প্রতিষ্ঠান সাকিব এন্টারপ্রাইজের কর্মকর্তা মুন্সী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বাজারে এবার সর্বনিু ১২ হাজার টাকায় গরু বিক্রি হয়েছে। গতবারের চেয়ে গরু বেশি, আর বিক্রিও বেশি।
শনিবার বাজারে গরুর সংখ্যা কমে যাওয়া বিষয়ে মুন্সী বলেন, "দাম কম হওয়াতে নগরীর অন্য প্রান্তের ক্রেতারা এখান থেকে গরু কিনেছেন। আশা করি আজ (শনিবার) রাতের মধ্যে আরো গরু আসবে।"
কুড়িগ্রামের রাজিবপুর থেকে ১৮টি গরু নিয়ে গত শনিবার স্টিল মিল বাজারে আসা নূর মোহাম্মদ জানান, তার সব গরু বিক্রি হয়ে গেছে।
এদিকে পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বাজারের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ক্রেতা-বিক্রেতারা।
নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোরবানিকে সামনে রেখে পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জাল টাকার বিস্তার রোধে প্রমাণক মেশিন বসানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৩৬ ঘ.
bdnews24