ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উল আযহার জামায়াতের জন্য জাতীয় ঈদগাহকে তৈরি করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) কর্তৃপক্ষ।
ডিসিসির সমাজকল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুর রহমান জানান, এরই মধ্যে ঈদগাহের প্রস্তুতির ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা এবং জায়নামাজ (চট ও কার্পেট) বিছানোর কাজ। ঈদ উপলক্ষে আশেপাশের এলাকায় নেওয়া হবে কঠোর নিরাপত্তা।
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দেশের বাইরে থাকায় মিল্লাতুর রহমানই ঈদগাহ প্রস্তুতি কাজের তদারকি করছেন। হজ ব্যবস্থাপনা তদারকির জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়াও।
মিল্লাতুর রহমান জানান, ঈদ উপলক্ষে এ বছর জাতীয় ঈদগাহ ময়দানে ১ লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার নারীর জন্যও ব্যবস্থা থাকছে।
মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ময়দানে ২ লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুটের বৃষ্টি প্রতিরোধক শামিয়ানা, ৪০০টি সিলিং ফ্যান এবং ভ্রাম্যমাণ টয়লেটসহ প্রয়োজনীয় অজুখানা বসানো হয়েছে ইতোমধ্যে।
ময়দানের পাশেই বিশেষ ভ্রাম্যমাণ টয়লেট বসানো হয়েছে ডিসিসির উদ্যোগে। আর ময়দানের জরুরি পানি নিষ্কশন ও স্যুয়ারেজ ব্যবস্থার তদারকি করছে পূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)। ইতোমধ্যে তাদের অপসারণ লাইন পরীক্ষার কাজও শেষ হয়েছে।
ফলে বৃষ্টি হলেও ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না বলে আশা করছেন ডিসিসির সমাজকল্যাণ কর্মকর্তা মিল্লাত।
তিনি জানান, এবার রাজধানীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি জামায়াত ছাড়াও পলাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা দুটি ঈদ জামায়াতের আয়োজন করছে ডিসিসি।
পিডব্লিউডির প্রধান প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে ঈদগাহ মাঠের পয়ঃনিষ্কশন ব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে। বৃষ্টি হলেও তেমন সমস্যা হবে না।
ঈদের প্রধান জামায়াতে রাষ্ট্রপতিসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিরাপদ করতে ঈদগাহকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। পুলিশ ও র্যাব সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকছেন। ঈদের নামাজ শেষ হওয়া এবং মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।
ঈদগাহর নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা মহানগর পুলিশ তদারক করছে বলে জানান ডিসিসি কর্মকর্তা মিল্লাত।
এদিকে ঈদের নামাজের প্রস্তুতির পাশাপাশি কোরবানীর পশু-বর্জ্য অপসারণের প্রস্তুতিও শেষ করেছে ডিসিসি।
মিল্লাত বলেন, "তিনদিনের মধ্যে বর্জ্য পুরোপুরি অপসারণের কথা বললেও একদিনের মধ্যেই সব কাজ শেষ করতে পারবো বলে আশা করছি আমরা। তবে এজন্য নগরবাসীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন।"
ঈদ জামায়াতের সময় গাড়ি পার্কিং
ঈদের নামাজের সময় মুসল্লিদের যাতায়াত এবং সুষ্ঠুভাবে রাখার বিষয়টি নিশ্চিত করতে ঈদের দিন সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশের এলাকায় পার্কিংয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে মুসল্লিদের অনুরোধ করা হয়েছে।
মহানগর পুলিশ কর্তৃপক্ষ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ-পশ্চিমাংশে সুপ্রিম কোর্টের ভেতরে গোল-চত্বরের কাছে ভিভিআইপি অ্যালাইটিং এর পশ্চিম পাশে রাষ্ট্রপতির গাড়ীবহর; সুপ্রিম কোর্টের ভেতরে দক্ষিণ-পশ্চিম কোণে বিচারপতিদের গাড়ি এবং জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটকের উত্তর-পশ্চিম দিকে মন্ত্রিপরিষদের সদস্যসহ ভিআইপিদের গাড়ি রাখার ব্যবস্থা হয়েছে।
সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের গাড়ি রাখার স্থান নির্ধারণ করা হয়েছে গণপূর্ত ভবন চত্বরে। জিরো পয়েন্ট ও ইউবিএল ক্রসিংয়ের (মুক্তাঙ্গন) উভয় পাশ, দোয়েল চত্বরের দক্ষিণ-পশ্চিম-উত্তর পাশ, ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে এবং মৎস্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে সাধারণ গাড়ি রাখা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/কিউএইচ/জেকে/১৬৩৮ ঘ.
bdnews24