ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে উদ্ধার হওয়া লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত তরুণী একটি বিজ্ঞাপনের মডেল ছিলেন।
এই তরুণীর নাম তাহিয়া তাবাসসুম আদ্রিতা (২২)। তার বাবার নাম তৌহিদুল ইসলাম। বাড়ি কুমিল্লা শহরের কাপ্তান বাজারে। গত এক বছর ধরে তিনি ঢাকার খিলগাঁওয়ে খালার বাসায় থাকতেন।
গত ৩১ অক্টোবর তাজমহল রোডের একটি বাড়ির চিলেকোঠা থেকে লাশ উদ্ধার করা হয়। ওই বাড়ির চার তলায় জেনেসিস ভিউ নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান রয়েছে।
লাশ উদ্ধারের পর পুলিশ ওই প্রতিষ্ঠানের মালিক মোতালেব হোসেন বরুণসহ চার জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার এক মহিলা এবং এক বয়স্ক লোক থানায় এসে এক তরুণীর ছবি দেখিয়ে বলে গত ৩০ অক্টোবর দুপুরের পর থেকে সে নিখোঁজ। তাদের ছবির সঙ্গে জেনেসিস ভিউ থেকে উদ্ধার করা এক জনের ছবি মিলে যায়।
বয়স্ক ব্যক্তি হলেন আদ্রিতার বাবা, তার সঙ্গে ছিলেন আদ্রিতার খালা।
পুলিশ কর্মকর্তা মাহমুদ বলেন, "পরে কিছু বিষয় খোঁজ নেওয়ার পর নিশ্চিত হওয়া যায় এই তরুণীর নাম আদ্রিতা। আদ্রিতা দুই-তিনটি প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেতেন।"
আদ্রিতার বাবা বাবা তৌহিদুল ইসলাম পেশায় শিক্ষক। তিনি পুলিশকে বলেছেন, তার মেয়ে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর গত বছর ঢাকার খিলগাঁওয়ে খালার বাসায় উঠে। ঢাকায় আসার পর মডেলিংয়ে যুক্ত হয় আদ্রিতা।
তরুণীর খালা পুলিশ কর্মকর্তা মাহমুদুলকে বলেছেন, গত ৩০ অক্টোবর দুপুরে ধানমণ্ডিতে কাজ আছে বলে বাসা থেকে বেরিয়ে যায় আদ্রিতা। এরপর গ্রামের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান না পাওয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে তারা থানায় আসেন।
আদ্রিতার হত্যাকাণ্ডের বিষয়ে জেনেসিস ভিউয়ের কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে পুলিশ কর্মকর্তা মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২০০ ঘ.
bdnews24