২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত ভোগান্তি, তবুও ফেরা

শুধু রাজধানী নয়, ঈদের এ সময়টাতে বন্দরনগরী চট্টগ্রাম থেকেও বাড়ি ফিরছেন অনেকে। তবে ভোগান্তির চিত্র একই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

মো. মহিউদ্দিন ও মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কম)- মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুম। ধোঁয়ায় অন্ধকার। ইঞ্জিনের শব্দ আর তাপে উত্তপ্ত হয়ে আছে কক্ষটি। সে অসহ্য গরমে ভিড়ের মধ্য থেকে জানলার পাশে এসে দাঁড়ালেন তাসলিমা আকতার। স্বামী সাজেদুল ইসলামকে বললেন, "গরম আর ইঞ্জিনের শব্দ সহ্য হচ্ছে না, চলো নেমে যাই। পরে অন্য ট্রেনে যাবো।" অন্য ট্রেন পাওয়া কঠিন হবে জানিয়ে সাজেদ বললেন, "কষ্ট হবে জানি, তবুও যেতে হবে।" শুক্রবার বিকালে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাওয়ার আগে ইঞ্জিন কক্ষে কথা হয় সাজেদের সঙ্গে। সাজেদ একটি ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রয়কর্মী এবং তাসলিমা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) একটি পোশাক কারখানায় কাজ করেন। বন্দর এলাকায় বাড়ি ভাড়া করে তারা থাকেন বলে সাজেদ জানান। যানজট আর দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি বাসে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দিতে অসমর্থ সাজেদ ও তার স্ত্রী ট্রেনে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সেখানেও নেই টিকিট। সাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "কিন্তু যে কোনো উপায়ে বাড়ি তো যেতে হবে। তাই তীব্র শব্দ, আর ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকা তপ্ত ইঞ্জিন কক্ষেই উঠে পড়া।" আর এ স্থান টুকুর জন্য রেলের নিরাপত্তাকর্মীদের ৪০০ টাকা দিতে হয়েছে বলে জানান সাজেদ। কেবল সাজেদ আর তাসলিমা নয়, বিকাল ৫টায় ছেড়ে যাওয়া ট্রেনের ওই বগিতে ঠাসাঠাসি করে বসে আর দাঁড়িয়ে ছিলেন অর্ধশতাধিক ঘরমুখো মানুষ। ওই ট্রেনের প্রত্যেকটি বগি ছিলো কানায় কানায় পূর্ণ। বগির ভেতর দাঁড়ানোর জায়গা না পেয়ে ছাদে উঠে পড়েন অনেকে। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। স্ট্যান্ডিং টিকিটও মিলছে না আর। তাই টাকা দিয়ে ট্রেনের সিঁড়ি, ইঞ্জিন রুম, ছাদ, নিরাপত্তাকর্মীদের কক্ষ, নামাজের কক্ষে, ক্যান্টিনে দাঁড়িয়ে যাওয়ার 'অনুমতি কিনে' নিচ্ছেন স্বল্প আয়ের মানুষ। চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিটি ট্রেনে পাঁচ থেকে সাতটি পর্যন্ত অতিরিক্ত বগি যোগ করা হয়েছে। তারপরও কুলানো যাচ্ছে না। "যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি," বলেন তিনি। ভোগান্তিতে উত্তরবঙ্গের যাত্রীরা টিকিট সংকট আর বাস মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। এরপরও বাড়ি ফেরার তাড়া নিয়ে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে টিকিট খুঁজে ফিরছেন তারা। বৃহস্পতিবার ও শুক্রবার নগরীর স্টেশন রোড এলাকায় উত্তরাঞ্চলের শ্যামলী, হানিফ, ইউনিক বাস কউন্টার দেখা গেছে, বাড়ি ফিরতে টিকিটের জন্য হন্যে হয়ে ঘোরা যাত্রীদের ভিড়। তবে টিকিট শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ। চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য হানিফ এন্টারপ্রাইজের বাসের কাউন্টারের সামনে থাকা শ্রমিক আবুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যান্য সময়ে ৫৫০ থেকে ৬০০ টাকা ভাড়া দিয়ে বাড়ি যাই। এবার ৮০০ টাকা নিচ্ছে।" দিনাজপুরের যাত্রী এসহান উল্লাহর অভিযোগ, উত্তরাঞ্চলের প্রায় সব রুটেই বেশি ভাড়া আদায় করছে বাস মালিকরা। তবে যাত্রীদের এসব অভিযোগ নাকচ করেছেন বাস মালিকরা। হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের ব্যবস্থাপক শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার নির্ধারিত ভাড়া আদায় করলে বর্তমানে আদায় করা ভাড়ার চেয়ে আরো বেশি নিতে হবে।" হানিফ কাউন্টারের বিক্রয়কর্মী আলম বলেন, ঈদের সময়ে যাওয়ার যাত্রী থাকলেও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ফেরার সময় বাস প্রায় খালি আসে। তাই অনেক লোকসান দিতে হয়। ৬ নভেম্বরের পরে আবার আগের হারে ভাড়া আদায় করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/২১০০ ঘ.