ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা করে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকার কেরানীগঞ্জের এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে।
মনোয়ার হোসেন মনির (৩০) নামে কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষক অভিযোগ ওঠার পর পালিয়ে গেলেও তার সহযোগী দুই শিক্ষককে পুলিশ আটক করেছে।
ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনোয়ারকে খোঁজা হচ্ছে বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইন উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রীর মা শুক্রবার দুপুরে একটি মামলা করেছেন।
এজারের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, স্কুলের পাশে বাড়ি ভাড়া করে ছাত্রীদের কোচিং করাতো মনোয়ার। সেই কোচিংয়ে পড়তে যাওয়া ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে মনোয়ার পালিয়ে যায়।
মনোয়ারকে পালিয়ে যেতে এবং ঘটনাটি না জানাতে ওই ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর (৩৭) ও আলমগীর হোসেনকে (৩২) আটক করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০৪৪ ঘ.
bdnews24